২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের বিশ্বকাপ মাতাবেন মেসি: সালাউদ্দিন

চোটের কারণে গত মৌসুম ভালো কাটেনি লিওনেল মেসির। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিশ্বাস, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে স্বরূপে দেখা যাবে আর্জেন্টিনার মহাতারকাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 10:12 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে পারলে আমার বিশ্বাস, মেসিই নায়ক হবেন। গত দুবার ভালো না করলেও হতে পারে মেসির হাত ধরেই এবার তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলবে আর্জেন্টিনা।”

সালাউদ্দিন মনে করেন, ২৬ বছর বয়সী মেসির এটাই বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ।

‘ফ্যান্টাস্টিক ফোর’ এর উপস্থিতিতে আক্রমণভাগকে আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী জায়গা বলে মনে করেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা।

চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসির পাশে আছেন আনহেল দি মারিয়া, গনসালো হিগুয়াইন, সের্হিয়ো আগুয়েরোর মতো স্ট্রাইকার। যে কোনো রক্ষণভাগকে গুঁড়িয়ে দেয়ার সামর্থ্য তাদের রয়েছে।

তবে বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়নদের রক্ষণভাগকে তুলনামূলকভাবে পিছিয়ে রাখছেন সালাউদ্দিন। হাভিয়ের মাসচেরানো,ম্যাক্সি রদ্রিগেস, ফের্নান্দো গাগোদের নিয়ে গড়া মাঝমাঠও নির্ভরযোগ্য বলে মনে হচ্ছে না তার। তাই তার কাছে আর্জেন্টিনা তিন নম্বর ফেভারিট দল।

শিরোপা লড়াইয়ে সালাউদ্দিনের ফেভারিট পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

“টুর্নামেন্টের সবচেয়ে পরিপূর্ণ দল ব্রাজিল। রক্ষণ থেকে শুরু করে আক্রমণভাগ, প্রতিটি বিভাগেই নির্ভরযোগ্য খেলোয়াড় আছে দলটিতে। স্বাগতিক হওয়ার সুবিধাও পাবে তারা।”

তিন বারের চ্যাম্পিয়ন জার্মানিকেও সম্ভাবনাময় মনে হচ্ছে সালাউদ্দিনের।

“ঐতিহ্যগতভাবে দলটি গতিময় ফুটবল খেলে। ইওয়াখিম লোর দলটি ভারসাম্যপূর্ণ, তারা বিশ্বকাপ মাতালে অবাক হওয়ার কিছু থাকবে না।”

ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোয় দেখছেন পর্তুগালের সম্ভাবনা। ‘বুড়ো’ দের দুই দল চার বারের চ্যাম্পিয়ন ইতালি আর বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি। শিরোপা-সম্ভাবনা দেখছেন না ফ্রান্স আর গতবারের রানার্স-আপ নেদারল্যান্ডসেরও।