আবেদি পেলের ৩ ছেলের বিশ্বকাপ
আবেদি আইয়ু—সন্দেহাতীতভাবে আফ্রিকা থেকে উঠে আসা সেরা ফুটবলার। সুন্দর ফুটবল উপহার খেলার কারণে যার নামই হয়ে গিয়েছিল ‘আবেদি পেলে’। ঘানার সর্বকালের সেরা এই ফুটবলারের কখনো বিশ্বকাপ খেলা হয়নি। ঘানার বিশ্বকাপ অভিষেকই হয়েছে তার ফুটবল ছাড়ার ৮ বছর পর।
আবেদি পেলের বিশ্বকাপ না খেলার এই আক্ষেপে কিছুটা হলেও প্রলেপ পড়েছে এত দিনে। কারণ, ঘানার হয়ে বিশ্বকাপের স্বাদ পাচ্ছেন তার তিন ছেলেই।
তার দুই ছেলে ইব্রাহিম ও আন্দ্রে আইয়ু ২০১০ সালে ঘানার বিশ্বকাপ দলে ছিলেন। বড় ভাই ইব্রাহিমের কোনো ম্যাচে নামা না হলেও আন্দ্রে ছিলেন দলের অন্যতম ভরসার নাম।
তিন ছেলের যে একজন বাদ ছিলেন, এবার সেই জর্ডানেরও বিশ্বকাপ অভিজ্ঞতা হতে চলেছে। ঘানার ব্রাজিল বিশ্বকাপের দলে মেঝ ভাই আন্দ্রের সঙ্গে আছেন তিনিও।
গত বিশ্বকাপে গ্রুপ পর্বে জার্মানিকে পেয়েছিল ঘানা, শেষ ষোলোতে তারা খেলেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এবার এই দুই দলকেই গ্রুপ পর্বে পেয়েছে ঘানা। ‘জি’ গ্রুপে ঘানার আরেক প্রতিপক্ষ পর্তুগাল।
কোনো সন্দেহ নেই, কঠিন এক গ্রুপেই পড়েছে ঘানা। তবে কিন্তু আইয়ু ভাইরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
২০১০ সালে বিশ্বকাপের অভিজ্ঞতা অর্জন করা আন্দ্রে বলেন, “আমার মনে হয় বিশ্বকাপে থাকাটা দারুণ এক সুযোগ এবং কঠিন গ্রুপ এটাকে আরো রোমাঞ্চকর করে তোলে।”
মার্শেইয়ের প্লে-মেকার এর সঙ্গে আরো যোগ করেন, “গ্রুপে আমরা ফেভারিট নই, কিন্তু গ্রুপ পর্ব পেরোতে পারলে ঘানার মানুষদের খুশি করতে পারব। আর আমাদের এই মান ও মানসিকতা আছে।”
আন্দ্রের ছোট ভাই ২২ বছর বয়সী জর্ডান বিশ্বকাপের উত্তেজনায় কাঁপছেন।
“ভাইয়ের সঙ্গে ঘানা দলে থাকাটা দারুণ এক অনুভূতি। এর আগে আমি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট খেলিনি। ২০১০ সালে ভাইকে আমি বাড়িতে বসেই দেখেছি। এখন তার সঙ্গে একই দলে আমি।”
