২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাদুর পরশে সাফল্য পায়নি স্পেন

গত ৬ বছরে টানা তিনটি বড় শিরোপা জিতে অপ্রতিরোধ্য এক দলেই পরিণত হয়েছে স্পেন। তবে চমক জাগানো এই সাফল্যের পেছনে কোনো জাদুর স্পর্শ আছে বলে মানতে নারাজ স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 07:33 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

‘তিকি-তাকা’ ফুটবল কৌশলে ভর করেই ২০০৮ সালে ইউরো জেতে স্পেন। শুরু হয় বিশ্ব ফুটবলে স্পেন-রাজত্ব। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্ব সেরার মুকুট নিজেদের করে তারা। দুই বছর পর আবার ইউরো জয়ের উৎসবে মেতে ওঠেন ক্যাসিয়াস-ইনিয়েস্তারা।

প্রথম দল হিসেবে তিনটি বড় শিরোপা জেতা স্পেনের শেষ দুটি শিরোপা আসে ভিসেন্তে দেল বস্কের অধীনে। ৬৩ বছর বয়সী ওই কোচের অধীনেই ব্রাজিল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে চাভি-ইনিয়েস্তারা।

অসাধারণ এই সাফল্যের কারণ জানান বস্ক, “আমাদের যেসব খেলোয়াড় আছে তাদের খেলার ধরণের উপর ভর করেই আমরা একটা কৌশল ঠিক করেছি।”

তবে ফুটবলটা আরো অনেক উপায়েই খেলা যায় বলে মনে করেন স্পেনের কোচ।

ছয় বছরের মধ্যে তিনটি বড় শিরোপা জেতা স্পেন এবারের বিশ্বকাপেও আছে ফেভারিটের তারিকায়। তবে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে ফেভারিটের মর্যাদাটা মুছে ফেলতেই পছন্দ দেল বস্কের।