২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসনিয়া: রোমাঞ্চ যাত্রা

নিজ দেশে খেলা হচ্ছে বলে ব্রাজিলই কি সবচেয়ে রোমাঞ্চ নিয়ে বিশ্বকাপ শুরু করবে? নাকি শিরোপা ধরে রাখার স্বপ্নে বুঁদ হয়ে থাকা স্পেন? ট্রফি পুনরুদ্ধারের অভিযানে নামা আর্জেন্টিনা, জার্মানি, ইতালিকেই-বা বাদ দেওয়ার উপায় কী! আসলে বাদ দিতে হবে এদের সবাইকে। কারণ প্রথাগত পরাশক্তিদের কেউ নয়, সবচেয়ে বেশি রোমাঞ্চমাখা আবহে ব্রাজিল বিশ্বকাপ শুরু করছে বসনিয়া ও হার্জেগোভিনা। এটি যে দেশটির ইতিহাসের প্রথম বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 02:43 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

বসনিয়া ও হার্জেগোভিনা ইউরোপের দরিদ্রতম দেশগুলোর একটি। দেশটিতে জাতিগত বিদ্বেষও প্রবল। ফুটবলের মোহন বাঁশিতে তারাই এখন গান গাইছেন এক সুরে। ব্রাজিল বিশ্বকাপে বসনিয়ার ফল যাই হোক না কেন, সবচেয়ে বড় অর্জন এরই মধ্যে হয়ে গেছে তাদের। আর সেটি প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠা।

এই প্রথমটি হতে পারত চার বছর আগেই দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। কিন্তু প্লে-অফে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে হেরে যায় তারা। ২০১২ ইউরোতেও অভিন্ন চিত্রনাট্য। এবারও সেই প্লে-অফ, আবারও সেই রোনালদো ও পর্তুগাল।

নিজেদের ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বকে আর প্লে-অফ পর্যন্ত যেতে দেয়নি বসনিয়া-হার্জেগোভিনা। ১০ ম্যাচের মধ্যে আট জয় এবং একটি করে ড্র ও হারে গ্রুপের শীর্ষে থেকেই তারা পায় ব্রাজিলের টিকেট। এক্ষেত্রে শ্রেয়তর গোলপার্থক্যেরও ভূমিকা আছে। ৩০ গোল দিয়ে মাত্র ছয় গোল খেয়েছে দলটি। আর তাতেই গ্রিসের সঙ্গে পয়েন্ট সমান হওয়ার পরও গোলপার্থক্যে এগিয়ে থাকায় প্লে-অফের ঝামেলায় যেতে হয়নি সাফেত সুসিচের দলকে। বসনিয়ার জন্য প্লে-অফ তো ‘ঝামেলা’ই। গত দুটো বড় আসরের বাছাইপর্বে সেটি চোখের জলে টের পেয়েছে তারা। এবার বিশ্বকাপ খেলার অভিযান সফল হওয়ায় কোচ সাফেত সুসিচের ভূমিকা অনেক। ২০০৯ সালের ডিসেম্বর থেকে দলটির কোচ তিনি। ২০০৪ সালে দেশের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয় সুসিচের নাম। যুদ্ধে দেশভাগ হওয়ার আগে ১৯৮২ ও ১৯৯০ বিশ্বকাপ তিনি খেলেছেন যুগোস্লাভিয়ার হয়ে। সেই সুসিচ বসনিয়ার কোচ হওয়ার পর দলটিকে পরিণত করেছেন আক্রমণাত্মক এক ফুটবল-শক্তিতে। বাছাইপর্বে ৪-৪-২ ফর্মেশনে দলকে খেলিয়েছেন তিনি। যেখানে প্লে-মেকার মিরালেম পিয়ানিচ আক্রমণের মূল যোগানদাতা। সঙ্গে জভেনদান মিসিমোভিচও পারেন ডিফেন্সচেরা সব পাস বাড়াতে। আর সেগুলো কাজে লাগানোর জন্য সামনে এদিন জেকো ও ভেদাদ ইভিসেভিচ তো রয়েছেনই। বাছাইপর্বে বসনিয়া যে ৩০ গোল করেছে, এর ১৮টিই এসেছে এই দুই ফরোয়ার্ডের কাছ থেকে!

যে সৃজনশীল আক্রমণাত্মক ফুটবল বসনিয়া খেলে, তাতে ঝুঁকি থাকে অনেক বেশি। প্রতিপক্ষ তখন সুযোগ পায় দলটির রক্ষণের ফাঁকফোকড় কাজে লাগানোর। কিন্তু তাতেই খেলার ধরন বদলাতে রাজি নন কোচ সুসিচ, ‘যেভাবে খেলি, তাতে যে প্রবল ঝুঁকি আছে সেটি জানি। কিন্তু এই মূল্যটা চুকাতে আমরা রাজি আছি। শেষ পর্যন্ত আমরা ফুটবল খেলি প্রতিপক্ষের চেয়ে বেশি গোল করার জন্য। সেটি করে করে এই খেলার ধরণ তো এখন পর্যন্ত কাজে দিচ্ছে বেশ।’

এখন তার প্রার্থনা বিশ্বকাপেও যেন তা কাজে লাগে। ‘এফ’ গ্রুপে ফেভারিট আর্জেন্টিনার বিপক্ষে এই কৌশলে খেলে বিধ্বস্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আবার নাইজেরিয়া-ইরানের বিপক্ষে পরের দুই খেলায় প্রতিপক্ষকে বিধ্বস্ত করার সামর্থ্যও বসনিয়ার মজুত। পিয়ানিচ-মিসিমোভিচ আর জেকো-ইভিসেভিচদের ফল ব্রাজিলে যেমনই হোক, দর্শকদের মন জয় যে করবে সেটি এখনই বলা যায়।

বিশ্বকাপ অভিষেকে সম্ভাব্য সেই অর্জনটাও-বা কম কীসে।

গ্রুপ: এফ

তারিখ

প্রতিপক্ষ

স্থান

১৫ জুন

আর্জেন্টিনা

রিও দি জেনেইরো

২১ জুন

নাইজেরিয়া

কুইয়াবা

২৫ জুন

ইরান

সালভাদর

এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: এবারই প্রথম

যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে

খেলার ফর্মেশন: ৪-৪-২

ফিফা র‌্যাঙ্কিং: ২১

কোচ: সাফেত সুসিচ (ডিসেম্বর ২০০৯ থেকে)

বসনিয়া ও হার্জেগোভিনা দল:

গোলরক্ষক: আসমির বেগোভিচ (স্টোক সিটি), আসমির আভদুকিচ, ইয়াসমিন ফেইজিচ।

ডিফেন্ডার: এমির স্পাহিচ (বেয়ার লেভারকুসেন), তনি সুনিক, জিয়াদ কোলাসিনাচ (শালকে), অগনিয়েন ভ্রানিয়েস, এরমিন বিচাকচিচ, মুহামেদ বেসিচ, মেনসুর মুদইজা।

মিডফিল্ডার: মিরালেম পিয়ানিচ (রোমা), ইজেত হাইরোভিচ (গালাতাসারাই), হারিস মেদুনিয়ানিন, সেনাদ লুলিচ (লাৎসিও),  আনেল হাজিচ, তিনো সুসিচ, সেইয়াদ সালিহোভিচ (হফেনহাইম), ভিয়েজান মিসিমোভিচ, সেনিয়াদ ইবরিচিচ, আভদিয়া ভ্রাসালিয়েভিচ।

ফরোয়ার্ড: ভেদাদ ইবিসেভিচ (স্টুটগার্ট), এদিন জেকো (ম্যানচেস্টার সিটি) এডিন ভিসচা।

বিশ্বকাপের সব দল সম্পর্কে জানতে ক্লিক করুন