আর্জেন্টিনা: অপেক্ষা তৃতীয় শিরোপার
দিয়েগো মারাদোনা পরবর্তী যুগে আর্জেন্টিনা সমর্থকরা ব্যাকুল হয়ে খুঁজছিলেন দুটো জিনিস। নতুন মারাদোনা এবং পুরনো বিশ্বকাপ ট্রফি। এর মধ্যে প্রথম অনুসন্ধানের সমাপ্তি হয়ে গেছে অর্ধযুগ আগে। দুই যুগ পেরিয়ে গেলেও অন্যটির সন্ধান মেলেনি এখনো। ২০১৪ সালে আর্জেন্টিনা কি ফিরে পাবে পুরনো সেই ট্রফি, ১৯৯০ সালে যেটির অধিকার হারিয়েছিল তারা?
আরিয়েল ওর্তেগা, পাবলো আইমার, হাভিয়ের সাভিওলা, হুয়ান রোমান রিকুয়েলমে, মার্সেলো গালার্দো, আন্দ্রেস ডি’আলেসান্দ্রো - ‘নতুন মারাদোনা’ কম আসেনি আর্জেন্টিনায়। কারো পায়ে ফুটবল-জাদুর ঝলক দেখলেই ওই তকমা সেঁটে দেওয়া হত গায়ে। কিন্তু পূর্বসূরির ধারে-কাছেও যেতে পারছিলেন না তারা। পারলেন অবশেষে লিওনেল মেসি। এই খুদে জাদুকরের খেলায় ‘আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর’ যেন আবির্ভূত হয়েছেন পুনর্বার। তাই তো এখন আর কেউ খোঁজেন না ‘নতুন মারাদোনা’। ক্লাব ফুটবলের অর্জনের বিচারে গত অর্ধযুগ ধরে এমনসব কাণ্ডকীর্তি তিনি করছেন, বিশ্বের নানা প্রান্তের প্রতিশ্রুতিশীল প্রতিভারা বরং এখন বিবেচিত হচ্ছে ‘নতুন মেসি’ নামে!
এসব কিছু প্রায়শ্চিত্তের সুযোগ মেসির সামনে এসেছে এবার। আজেন্টিনাকে যদি ব্রাজিল থেকে শিরোপা জিতিয়ে ফিরতে পারেন, পাবেন মহানায়কের মর্যাদা। হয়তো পেলে-মারাদোনাকে ছাড়িয়ে সর্বকালের সেরার সিংহাসনও নেবেন দখলে।
২০০৬ বিশ্বকাপে হোসে পেকারমান তরুণ মেসির উপর আস্থা রাখেননি। ২০১০ বিশ্বকাপে যখন স্বয়ং মারাদোনা কোচ হয়ে এলেন; এমন রাজ-যোটকে সাফল্য না এসে পারে! কিন্তু এল না তো। কারণ মেসির সেরাটা বের করে আনতে পারেননি কোচ মারাদোনা। এরপর এলেন সের্হিয়ো বাতিস্তা। ব্যর্থ তিনিও। ২০১১ সালে ঘরের মাঠের কোপা আমেরিকায় কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা বিদায় নেওয়ার পর বিদায় হয় বাতিস্তার; আসেন সাবেইয়া।
এসেই দলের খেলার ছক তিনি দিলেন পাল্টে। মারাদোনা-বাতিস্তার মতো কোনো দ্বিধা নয়, ৪-৩-৩ ফর্মেশনে পুরো খেলাটি করে ফেললেন চূড়ান্ত রকমের মেসিকেন্দ্রিক। হ্যাঁ, দলে তারকার অভাব নেই। বিশেষত আক্রমণভাগে সেটি রীতিমতো ঈর্ষণীয়, এই বিশ্বকাপের সেরাই বলা যায়। তারপরও আর্জেন্টিনার খেলার মূল সুরটি সাবেইয়া বেঁধে ফেলেন ‘মেসি-তারে’। ব্যস, কাজ হল জাদুর মতো। বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তো হয়েছেনই। অন্যান্য প্রীতি ম্যাচেও মেসি গোল পেয়েছেন নিয়মিত। ক্লাবের মেরুন-লালের মতো জাতীয় দলের আকাশী-সাদা জার্সিতেও এখন অপ্রতিরোধ্য মেসি। তাতে ব্রাজিল বিশ্বকাপে অদম্য জয়রথ ছোটানোর স্বপ্নটা জোরালো হচ্ছে আর্জেন্টিনার।
আর বিশ্বকাপের ড্রটাও হয়েছে আর্জেন্টিনার মনমতো। ‘এফ’ গ্রুপে বসনিয়া-হার্জেগোভিনা, নাইজেরিয়া ও ইরানের বিপক্ষে পড়েছে তারা। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা কেবলই আনুষ্ঠানিকতা।
যত যাই করুন, মেসি এখনো আর্জেন্টিনার ফুটবলে যুবরাজ; সম্রাটের সিংহাসন ওই মারাদোনারই। তবে এবার ১৩ জুলাই মারাকানায় যদি মেসি ট্রফি উঁচিয়ে ধরতে পারেন, তাহলে নিশ্চিতভাবে মারাদোনাই সিংহাসনটা ছেড়ে দেবেন। লিওনেল মেসি কি সেটি পারবেন?
এক নজরে:
গ্রুপ: এফ
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৫ জুন | বসনিয়া | রিও দে জেনেইরো |
২০ জুন | ইরান | বেলো হরিজন্তে |
২৫ জুন | নাইজেরিয়া | পোর্তে আলেগ্রে |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ১৫ বার
সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (১৯৭৮, ১৯৮৬); রানার্সআপ (১৯৩০, ১৯৯০)
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে।
খেলার ফর্মেশন: ৪-৩-৩
ফিফা র্যাঙ্কিং: ৫
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: মারিয়ানো আন্দুহার (কাতানিয়া), সের্হিও রোমেরো (মোনাকো), অগাস্তিন ওরিয়ন (বোকা জুনিয়রস)।
ডিফেন্ডার: পাবলো সাবালেতা (ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ফের্নান্দেস (নাপোলি), এসেকিয়েল গারায় (বেনফিকা), মার্কোস রোহো (স্পোর্তিং লিসবন), উগো কাম্পানিয়ারো (ইন্টার মিলান), মার্তিন দেমিচেলিস (ম্যানচেস্টার সিটি), হোসে বাসান্তা (মন্তেরেই)।
মিডফিল্ডার: হাভিয়ার মাসচেরানো (বার্সেলোনা), আনহেল দি মারিয়া (রিয়াল মাদ্রিদ), ফের্নান্দো গাগো (বোকা জুনিয়স), লুকাস বিগলিয়া (লাৎসিও), রিকার্দো আলভারেস (ইন্টার মিলান), আউগুস্তো ফের্নান্দেস (সেল্তা ভিগো), ম্যাক্সি রদ্রিগেস (নিওয়েলস ওল্ড বয়েস), এনসো পেরেস (বেনফিকা)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), রদ্রিগো পালাসিও (ইন্টার মিলান), গনসালো হিগুয়াইন (নাপোলি), সের্হিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), এসেকিয়েল লাভেস্সি (পিএসজি)।
কোচ: আলেহান্দ্রো সাবেইয়া (আগস্ট ২০১১ থেকে)
