ইতালির সঙ্গে ড্র লক্ষ্য নয় ইংল্যান্ডের
বড় টুর্নামেন্টে ইতালির সঙ্গে শেষ তিনটি সাক্ষাতে হেরেছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে এই দুই দলের দেখা হচ্ছে গ্রুপ পর্বেই। চারদিকে গুঞ্জন, ইতালিকে ইংল্যান্ড রুখতে পারবে তো? ইংল্যান্ড কোচ রয় হজসন বললেন ড্র নয়, ইতালির বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে তার দল।
সর্বশেষ প্রীতি ম্যাচে তুলনামূলক দুর্বল দল হন্ডুরাসের সঙ্গে ড্র করেছে ইংল্যান্ড। এর পরই প্রশ্ন উঠেছে ইতালির বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কি ড্রর লক্ষ্য নিয়ে নামবে তারা? ইংল্যান্ড কোচ একটু যেন বিরক্তই।
“আমরা কখনোই ড্র করার জন্য খেলার কথা আলোচনা করিনি। আমরা শুধু কিভাবে আক্রমণ করব আর কিভাবে রক্ষণ সামলাবো, সে বিষয়ে শতভাগ মনোযোগ দিচ্ছি। আমি জিততে পছন্দ করি।”
ইংল্যান্ডের অধিনায়ক স্টিভেন জেরার্ডও কোচের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন।
“জয়টা ভালো, আপনি কখনোই ড্রয়ের চেষ্টায় ম্যাচ খেলতে নামবেন না।”
