বিশ্বকাপে ফকল্যান্ডকে টানলো আর্জেন্টিনা
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের সঙ্গে পুরনো বিবাদটা সামনে নিয়ে এলো আর্জেন্টিনা।
রোববার স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শুরুর আগে ‘ফকল্যান্ড দ্বীপপূঞ্জের মানুষ আর্জেন্টাইন’ লেখা একটি ব্যানার নিয়ে দাঁড়ায় আর্জেন্টিনার খেলোয়াড়রা।
অনেক বছর ধরেই আটলান্টিক মহাসাগরের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিজেদের দাবি করে আসছে আর্জেন্টিনা। এ নিয়ে ১৯৮২ সালে দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছিল। ইংল্যান্ড ১৮৩৩ সাল থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ শাসন করছে।
আর্জেন্টিনার বিভিন্ন ম্যাচের আগে প্রায়ই এই ব্যানারটি দেখানো হয়। বিশ্বকাপের আগে এটা দেখানোয় আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই হলে বেশ উত্তেজনা ছড়াবে বলেই মনে হয়। অবশ্য ব্রাজিল বিশ্বকাপে সেমি-ফাইনালের আগে দুই দেশের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই।
পরে রিকার্দো আলভারেস ও অধিনায়ক লিওনেল মেসির গোলে স্লোভেনিয়াকে ২-০ গোলে হারায় দুই বারের চ্যাম্পিয়নরা।
