শেষ প্রস্তুতি ম্যাচেও যুক্তরাষ্ট্রের জয়
দুই সপ্তাহের মধ্যে টানা তৃতীয় জয় দিয়ে ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবে শেষ করলো যুক্তরাষ্ট্র। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা।
অন্যদিকে নাইজেরিয়ার প্রস্তুতিপর্বটা চরম হতাশায় শেষ হলো। তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি তারা। আগের দুই প্রীতি ম্যাচে স্কটল্যান্ড ও গ্রিসের সঙ্গে ড্র করেছিল আফ্রিকার দলটি।
শনিবার ফ্লোরিডার এভারব্যাংক মাঠে যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক স্ট্রাইকার জজি অল্টিডোর। ৩২ ও ৬৮তম মিনিটে দুটি গোলই করেন সান্ডারল্যান্ডের এই খেলোয়াড়।
৮৬তম মিনিটে নাইজেরিয়ার একমাত্র গোলটি করেন মিডফিল্ডার ভিক্তর মোজেজ।
‘জি’ গ্রুপে যুক্তরাষ্ট্র খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, ক্রিস্টিয়ানোর রোনালদোর দেশ পর্তুগাল ও আফ্রিকার দেশ ঘানার সঙ্গে।
আর ‘এফ’ গ্রুপে নাইজেরিয়ার তিন প্রতিপক্ষ আর্জেন্টিনা, ইরান ও বসনিয়া-হার্জেগোভিনা।
