২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কলারির দাবিকে অসত্য বললেন কস্তা

বিশ্বকাপের আগে দিয়েগো কস্তা আর লুইস ফেলিপে স্কলারির মধ্যে অন্যরকম এক লড়াই শুরু হয়েছে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার প্রস্তাব দেয়া নিয়ে স্কলারির দাবিকে অসত্য বললেন কস্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 09:51 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

ব্রাজিলে জন্ম নেয়া কস্তা ২০১৪ বিশ্বকাপে খেলবেন স্পেনের হয়ে। জাতীয় দল হিসেবে স্পেনকে বেছে নেয়া কস্তা ক্লাব ফুটবলও খেলেন স্পেনেই।

আতলেতিকো মাদ্রিদের হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে ৩৬ গোল করেছেন তিনি। স্পেনের লা লিগা জিতেছেন, আর খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

জন্মভূমি ব্রাজিলকে এড়িয়ে স্পেনের হয়ে খেলা নিয়ে কস্তা জানান, তার সঙ্গে জাতীয় দলে খেলার বিষয় নিয়ে একমাত্র স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কই কথা বলেছেন।

“স্কলারি কখনোই আমাকে ফোন দেননি। আমি একমাত্র যে কোচের সঙ্গে কথা বলেছি, তিনি দেল বস্ক। তিনি আমার প্রতি আগ্রহ দেখিয়েছেন। আমাকে খাওয়ার নিমন্ত্রণ করেছিলেন এবং বুঝিয়েছেন যে আমি তার পরিকল্পনায় আছি।”

এ বছরের মার্চ মাসে স্পেন দলে অভিষেক হওয়া কস্তা শুক্রবার ওয়াশিংটনে স্পেন দল নিয়ে বিশ্বকাপে তার স্বপ্নের কথাও জানান।

“আমি ব্রাজিলিয়ান এবং এর কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আমি স্পেনের হয়ে বিশ্বকাপ জিততে চাই।”

এর আগে ব্রাজিলের কোচ স্কলারি সাংবাদিকদের বলেছিলেন, কস্তাকে তিনি বিশ্বকাপ দলে রাখতে চেয়েছিলেন। এ নিয়ে নাকি দুবার কস্তাকে তিনি ফোনও করেছিলেন।