২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে ঘিরেই ব্রাজিল দল: স্কলারি

ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নটা নেইমারের উপরই নির্ভর করছে বলে জানিয়েছেন কোচ লুইস ফেলিপে স্কলারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 07:58 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

দেশের মাটিতে বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। তাদের এই স্বপ্নের আবর্তন নেইমারকে ঘিরে বলেই জানিয়েছেন কোচ লুইস ফেলিপে স্কলারি।

শুক্রবার সার্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচ শেষে এ কথা বলেন ‘বিগ ফিল’ নামে পরিচিত এই কোচ।

ব্রাজিল দলে নেইমারের অবস্থান বোঝাতে গিয়ে স্কলারি দুটি উদাহরণ টানেন, “পর্তুগালের যেমন ক্রিস্টিয়ানো রোনালদোকে প্রয়োজন অথবা আর্জেন্টিনা মেসির ওপর যেমন নির্ভর করে।”

কোনো দলে একজন বড় তারকা থাকলে প্রতিপক্ষের কয়েক জন মিলে তাকে আটকাতে চাইবে- এটাই স্বাভাবিক। স্কলারির মতে, নেইমারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

কড়া এই পাহারা এড়িয়ে নেইমারকে কিভাবে সর্বোচ্চ কার্যকরী ভূমিকায় পাওয়া যায়, আপাতত সেই পথ খুঁজে বের করার কথা ভাবছেন ব্রাজিলকে ২০০২-এর বিশ্বকাপ জেতানো স্কলারি।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে নেইমারদের। এ ম্যাচে তেমন ছন্দেও ছিলেন না নেইমাররা। স্বাগতিক দর্শকদের ‘দুয়ো’ শুনতে হয়েছে তাদের।

দর্শক-সমর্থকদের এই অবজ্ঞায় অবশ্য অসন্তোষ নেই ব্রাজিল কোচের।

“আমরা ভালো না খেললে এমন ঘটনাই স্বাভাবিক। গোয়ানাতেও তারা আমাদের ‘দুয়ো’ দিয়েছিল।” গোয়ানাতে পানামার বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল ব্রাজিল।

সার্বিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত ব্রাজিল জেতায় মাঠে উপস্থিত ৬৭ হাজার সমর্থকের বেশিরভাগই হাসিমুখে মাঠ ছেড়েছে বলে বিশ্বাস ৬৫ বছর বয়সী স্কলারির।

১২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে ব্রাজিলের। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।