উরুগুয়ে: মারাকানাজো আরেকবার?
সেদিন ব্রাজিলিয়ানদের উৎসবের ক্যানভাসে এক পোঁচ বিষণ্ণতা ছড়িয়ে দিয়েছিল উরুগুয়ে। উচ্ছাসের সমুদ্রে ভেসে যাওয়ার অপেক্ষায় থাকা ফুটবল-পাগল জাতিকে ডুবিয়ে দিয়েছিল বেদনার চোরাবালিতে। মারাকানায় ১৯৫০ বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচে ফুটবল ইতিহাসের বাঁকবদলের এক মাহেন্দ্রক্ষণের ইতিহাস উরুগুয়ে লিখেছিল নিজেদের হাতে।
৬৪ বছর পর সেই ব্রাজিলে যখন বিশ্বকাপ ফিরছে, তখন ব্রাজিলিয়ানরা তো স্মৃতিকাতর হবেই। কিন্তু স্বাগতিকদের সম্ভাবনায় টুটি চেপে ধরার এই কাজটি ভালোই পারে উরুগুয়ে। ‘মারাকানাজো’র চেয়ে বড় উদাহরণ তো আর কিছুতেই হতে পারে না। তবে সাম্প্রতিক অতীতে চোখ বোলালেও তাদের এমন কীর্তির দেখা মিলবে। ২০১০ বিশ্বকাপে যেমন স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে দেয় তারা। আবার সর্বশেষ দুই কোপা আমেরিকাতেও তাই। ২০১১ আসরে স্বাগতিক আর্জেন্টিনাকে হারায় কোয়ার্টার ফাইনালে, ২০০৭ আসরে ভেনিজুয়েলাকেও বিদায় করে দেয় ওই শেষ আটে। শুধু শুধুই তো আর আসছে বিশ্বকাপে উরুগুয়ের মুখোমুখি না হওয়ার প্রার্থনা করছেন না পেলে-জিকোরা।
২০১৪ সালের ১২ জুলাই সেই মারাকানায় উরুগুয়েকে হারিয়ে যদি বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল, তাহলে সেটি হবে ইতিহাসের দায়শোধ। কিন্তু সেখানে ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা থাকায় অমন ফাইনালের স্বপ্নে বিভোর নেই সিংহভাগ ব্রাজিলিয়ান। বরং আগে-ভাগে ‘লা সেলেস্তে’দের বিদায় হলেই যেন বাঁচে তারা!
অমনটা হওয়ার সুযোগ কিন্তু ভালোভাবেই আছে। এমনকি গ্রুপ পর্ব থেকেও বিদায় নিতে পারে উরুগুয়ে। কেননা ইতালি-ইংল্যান্ডের মতো দল তাদের গ্রুপসঙ্গী। অস্কার তাবারেজের দল দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলে অমন কোন বিস্ময়জাগানিয়া অঘটন হবে না।
স্বাগতিক বলে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হয়নি ব্রাজিলকে। ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও ২০১১ কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা যে এরপরও লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সেরা চারে থাকবে না, এতটা ভাবা যায়নি। সেরা চার কী, সেরা পাঁচে না থেকে প্লে-অফের টিকেটও তো প্রায় হাতছাড়া করতে বসেছিল তাবারেজের দল! শেষ দিকে জ্বলে উঠে পঞ্চমে থেকে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করে। আর শেষ সুযোগটা কাজে লাগিয়ে জর্ডানকে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হারিয়ে উঠে যায় বিশ্বকাপে।
তবে শেষ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপে উরুগুয়ের সাফল্য নির্ভর করবে লুই সুয়ারেসের উপর। আরো নির্দিষ্ট করে বললে তার চোটের অবস্থার ওপর। বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে এসে চোটে পড়েছেন লিভারপুলের এই ফরোয়ার্ড। সেখান থেকে সেরে উঠতে পারলে আবার রূপকথার যাত্রা হতে পারে উরুগুয়ের। গত মৌসুমে ক্লাব দল লিভারপুলের হয়ে যেমনটা খেলেছেন সুয়ারেস, বিশ্বকাপে এর প্রতিফলন থাকলে ‘লা সেলেস্তে’রা যাবে অনেক দূর। আর যদি ইনজুরির কারণে মাঠেই না নামতে পারেন কিংবা নামলেও নিজেকে যদি শতভাগ ফিরে না পান, তাহলে সেটি উরুগুয়ের জন্য অশনি সংকেত।
ব্রাজিলকে আরেক দফা ‘মারাকানাজো’ উপহার দেওয়াটা তখন হবে অলীক কল্পনা। বরং গ্রুপ পর্ব পেরোনোই দায় হয়ে যাবে উরুগুয়ের জন্য!
এক নজরে:
গ্রুপ: ডি
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৪ জুন | কোস্টা রিকা | ফোরতালেজা |
১৯ জুন | ইংল্যান্ড | সাও পাওলো |
২৪ জুন | ইতালি | নাতাল |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ১১ বার
সেরা সাফল্য:
চ্যাম্পিয়ন: ১৯৩০, ১৯৫০
সেমিফাইনাল: ১৯৫৪, ১৯৭০, ২০১০
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম হয়ে প্লে-অফ খেলে তারা। সেখানে এশিয়ার জর্ডানকে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র পায় উরুগুয়ে।
খেলার ফর্মেশন: ৪-৪-২
ফিফা র্যাঙ্কিং: ৬
কোচ: অস্কার তাবারেস (মে ২০০৬ থেকে)
উরুগুয়ে দল:
গোলরক্ষক: ফের্নান্দো মুসলেরা (গালাতাসারাই), মার্তিন সিলভা (ভাস্কো দা গামা), রদ্রিগো মুনোস (লিবারতাদ)।
ডিফেন্ডার: মাক্সিমিলিয়ানো পেরেইরা (বেনফিকা), দিয়েগো লুগানো (ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন), দিয়েগো গদিন (আতলেতিকো মাদ্রিদ), হোসে মারিয়া হিমেনেস (আতলেতিকো মাদ্রিদ), সেবাস্তিয়ান কোয়াতেস (লিভারপুল), মার্তিন কাসেরেস (ইউভেন্তুস), হোর্হে ফুসিলে (পোর্তো)।
মিডফিল্ডার: আলভারো গনসালেস (লাৎসিও), আলভারো পেরেইরা (সাও পাওলো), ওয়াল্তার গার্গানো (পার্মা), এজিদিও আরেভালো রিয়োস (মোরেলিয়া), দিয়েগো পেরেস (বোলোনিয়া), ক্রিস্তিয়ান রদ্রিগেস (আতলেতিকো মাদ্রিদ), গাস্তোন রামিরেস (সাউথহ্যাম্পটন), নিকোলাস লোদেইরো (বোতাফোগো)।
ফরোয়ার্ড: লুইস সুয়ারেস (লিভারপুল), এদিনসন কাভানি (পিএসজি), আবেল হার্নান্দেস (পালের্মো), দিয়েগো ফোরলান (সেরেসো ওসাকা), ক্রিস্তিয়ান স্তুয়ানি(স্পানিওল)।
