২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়া: ফ্যালকাওকে ছাড়াই সাফল্য স্বপ্ন

বড় আশা করতে ভয় কলম্বিয়ার! ২০ বছর আগের হতাশার ছবিটা যে দূর দিগন্ত থেকে হঠাৎই চলে আসে চোখে সামনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 12:51 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

১৯৯৪ বিশ্বকাপে কলম্বিয়া গিয়েছিল অবিশ্বাস্য অর্জনের হাতছানি সঙ্গী করে। কার্লোস ভালদোরামা, রেনে হিগুইতা, ফাউস্তিনো আসপ্রিয়াদের ‘সোনালী প্রজন্ম’ এমনকি বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখছিল। ব্রাজিলের ফুটবল কিংবদিন্ত পেলেও ভবিষ্যতবাণী করেছিলেন অমন। এর আগের বছর আর্জেন্টিনায় গিয়ে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারিয়ে আসা দলটির পক্ষে তখন অসম্ভব বলে যেন কিছু ছিল না। অথচ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে এই কলম্বিয়া ব্যর্থ হল চরমভাবে। প্রথম রাউন্ড থেকে বিদায়, সেখানে আত্মঘাতী গোল করা ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারের দেশে ফিরে আততায়ীর গুলিতে প্রাণ দেওয়া- এসব মিলিয়ে দেশটির ফুটবল তলিয়ে যায় হতাশার অতলে।

দুই দশক পর সেই হতাশা দূর করার উপলক্ষ এখন সামনে। বিশ্বজয় না হোক, অন্তত দ্বিতীয় রাউন্ডে তো যাওয়ার আশা করতেই পারে কলম্বিয়া। বিশেষত ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী যখন গ্রিস, কোত দি ভোয়া (আইভরি কোস্ট), জাপানের মতো দল। তিন মহাদেশের এই তিন দল কোনভাবেই পরাশক্তিদের কাতারে না। তাদের টপকে নকআউট পর্বে যাওয়া কলম্বিয়ার ন্যূনতম চাওয়া। এরপর যত দূর যাওয়া যায় আর কী!

পেলের মতো কেউ এবার প্রকাশ্যে কলম্বিয়ার উপর বাজি ধরছেন না। তবে লাতিন আমেরিকার দেশটিকে চুপি চুপি ‘বাজির ঘোড়া’ মানছিলেন অনেকে। তাদের সেই বিশ্বাস বড় ধাক্কা খায় দলের সবচেয়ে বড় তারকা রাদামেল ফালকাও চোটে পড়ায়। জানুয়ারিতে ক্লাব মোনাকোর হয়ে খেলার সময় হাঁটুতে চোট পান বাছাইপর্বে ৯ গোল করা এই ফরোয়ার্ড। অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে না ওঠায় সমর্থকদের শোকে ভাসিয়ে তাকে ছাড়াই ব্রাজিল যাচ্ছে কলম্বিয়া।

তবে এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে যেমনটা খেলেছে কলম্বিয়া, আশার বারুদ লুকিয়ে সেখানেই। বাছাইপর্বের কয়েকটি ম্যাচ হয়ে যাওয়ার পর দায়িত্ব নিয়েছেন হোসে পেকারমান। আর্জেন্টিনার এই কোচের অধীনে প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচ জয়ে বিশ্বকাপের পথে অনেকটা এগিয়ে যায় দলটি। এক ম্যাচ হাতে রেখে ব্রাজিলে খেলা নিশ্চিত করে তারা। আর্জেন্টিনার পেছনে থেকে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল কলম্বিয়া। বাছাইপর্বে যা তাদের সবচেয়ে ভালো ফল। সাকুল্যে মোটে ১৩ গোল হজম করেছে তারা, এত কম গোল খায়নি অঞ্চলের আর কোনো দল। মাঠের অন্যপ্রান্তে দিয়েছে তারা ২৭ গোল, যার চেয়ে বেশি গোল আর মাত্র দুটি দলের। আক্রমণ-রক্ষণের এই যুগল কার্যতারিতেই স্বপ্ন দেখছিল কলম্বিয়া।

সেই স্বপ্নের সবচেয়ে বড় নায়ক ছিল নিঃসন্দেহে বাছাইপর্বে ৯ গোল করা ফালকাও। অবশ্য ডাগআউটে বসে থাকা পেকারমানকেও পিছিয়ে রাখার উপায় নেই। তিন দশকেরও বেশি সময় পর কোন বিদেশির হাত দল তুলে দিয়েছে কলম্বিয়ান ফুটবল কর্তৃপক্ষ। আর্জেন্টিনাকে তিনটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতানো এই কোচের কাজে যারপরনাই খুশি কলম্বিয়ার সবাই। কিংবদন্তি ভালদোরামা তো কলম্বিয়ান ফুটবলের রোমাঞ্চ-বিনোদন আর জাতীয় গর্বের আত্মপরিচয় ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছে পেকারমানকে।

পেকারমানও প্রস্তুত হচ্ছিল বিশ্বকাপে বিশ্বকে চমকে দেওয়ার জন্য। ’৯৪-র কলম্বিয়ার মতো সাড়ম্বরে না, বরং নীরবে এগিয়ে গিয়ে চমকে দিতে চেয়েছিলেন সবাইকে। কিন্তু ভাগ্যকে যে পাশে পেলেন না। ফালকাও নেই, হুয়ান সুনিগারও পিছু ছাড়ছে না ইনজুরি। ওদিকে পাবলো আর্মেরো ক্লাবের একাদশে সুযোগ পাননি খুব বেশি। সৌদি আরবের লিগে খেলতে যাওয়ার পর মানেনলি তোরেসের ধার গেছে কমে। সেন্ট্রাল ডিফেন্সে মধ্য ত্রিশ পেরোনো লুই পেরা-মারিও ইয়েপসের জুটির গতি যেমন কমেছে। পেকারমান তাই আক্ষেপের সুরেই বলছিলেন, "বিশ্বকাপের টিকেট পাওয়ার সময় ঘুণাক্ষরেও ভাবিনি যে, এত সমস্যায় পড়তে হবে আমাদের।"

কলম্বিয়ার বড় স্বপ্ন দেখার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে চোট-ফর্মহীনতা। ১২ বছর পর বিশ্বমঞ্চে ফেরা ‘লস কাফেতেরস’ তাই সোনার হরিণের পিছু না ছুটে আপাতত দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লক্ষ্য স্থির করেছে।

ফ্যালকাও না থাকলেও, অন্তত এই লক্ষ্য অর্জন করা উচিত কলম্বিয়ার।

এক নজরে:

গ্রুপ সি:

তারিখ

প্রতিপক্ষ

স্থান

১৪ জুন

গ্রিস

বেলো হরিজন্তে

১৯ জুন

আইভরি কোস্ট

ব্রাজিলিয়া

২৪ জুন

জাপান

কুইয়াবা

এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৪ বার

সেরা সাফল্য:

দ্বিতীয় রাউন্ড: ১৯৯০

যেভাবে বিশ্বকাপে: বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দ্বিতীয় হয়ে।

খেলার ফর্মেশন: ৪-৪-২

ফিফা র‌্যাঙ্কিং: ৮

কোচ: হোসে পেকারম্যান (জানুয়ারি ২০১২ থেকে)

কলম্বিয়া দল:

গোলরক্ষক: দাভিদ ওসপিনা (নিস), ফারিদ মোনদ্রাওন (দেপোর্তিভো কালি), কামিলো বার্গাস (ইনদিপেনদিয়েন্তে সান্তা ফে)।

ডিফেন্ডার: মারিও ইয়েপেস (এসি মিলান), ক্রিস্তিয়ান সাপাতা (এসি মিলান), পাবলো আরমেরো (ওয়েস্ট হাম/নাপোলি), কামিলো সুনিগা (নাপোলি), সান্তিয়াগো আরিয়াস (পিএসভি), এদের আলভারেস বালান্তা (রিভার প্লেট), কার্লোস ভালদেস (সান লোরেনসো)।

মিডফিল্ডার: ফ্রেদি গুয়ারিন (ইন্টার মিলান), হুয়ান কাদরাদো (ফিওরেন্তিনা), হামেস রদ্রিগেস (মোনাকো), আবেল আগিলার (তুলুস), হুয়ান ফেরনান্দো কুইন্তেরো (পোর্তো), কার্লোস সানচেস (এলচে), কার্লোস কারবোনেরো (রিভার প্লেট), আলেকসান্দার মেহিয়া (অ্যাতলেতিকো নাসিওনাল)।

ফরোয়ার্ড: ভিক্তর ইবারবো (কাইলিয়ারি), জ্যাকসন মার্তিনেস (পোর্তো), কার্লোস বাক্কা (সেভিয়া), আদ্রিয়ান রামোস (হার্থা বার্লিন), তিওফিলো গুতিয়েররেস (রিভার প্লেট)।

বিশ্বকাপের সব দল সম্পর্কে জানতে ক্লিক করুন