বিশ্বকাপে চেম্বারলেইনের খেলা নিয়ে শঙ্কা
হাঁটুর লিগামেন্টের চোটের কারণে অ্যালেক্স অক্সল্যাড-চেম্বারলেইনের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা।
বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন আর্সেনালের এই মিডফিল্ডার। কুঁচকির চোটের কারণে ২০ এপ্রিলের পর এই প্রথম মাঠে নেমেছিলেন তিনি।
ম্যাচ শেষে দলের পক্ষ থেকে তার পায়ের আহত স্থানে স্ক্যান করানোর কথা জানানো হয়। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।
পরে চেম্বারলেইনের হাঁটুর লিগামেন্টে চোট ধরা পড়ার কথা জানায় দেশটির ফুটবল সংস্থা (এফএ)। ইংল্যান্ডের চিকিৎসক দল চেম্বারলেইনের চোট পর্যবেক্ষন করছেন এবং তার চিকিৎসা শুরু করেছেন।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, চেম্বারইলেইনের সুস্থ হয়ে উঠতে ১০দিন থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
১২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। কোচ রয় হজসন জানান, প্রতিযোগিতা শুরুর কয়েকদিন আগে চেম্বারলেইনকে হারানো হবে অনেক বড় ক্ষতি।
১৪ জুন চারবারের চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ‘মৃত্যুকুপ’ বা ‘ডি’ গ্রুপের অন্য দুই দল দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও কোস্টা রিকা।
