স্পেন: সাফল্য চক্র
‘তিকি-তাকা’র এপিটাফ লেখা হল কতো বার! কিন্তু এর চেয়েও বেশি বার যে মুছতে হয়েছে তা! কারণ বোদ্ধাদের ‘বুদ্ধু’ বানিয়ে সাফল্যের নীলাকাশে স্পেনের লাল পতাকা উড়েছে বার বার। তাহলে আরেকবার সেটি ব্রাজিলে নয় কেন!
বিশ্ব ফুটবলে স্পেন বরাবরই প্রথম সারির ছাত্র। কিন্তু সব ভালো ছাত্র যেমন প্রথম হয় না, ইউরোপিয়ান দেশটির হয়েছিল সেই দশা। সেই ১৯৬৪ সালে ইউরো জয় হয়ে ছিল সবেধন নীলমনি। এরপর থেকে অলিখিত একটি নিয়ম যেন দাঁড়িয়ে গেল- প্রতিটি ইউরো কিংবা বিশ্বকাপে প্রতিশ্রুতির ফুল ফুটিয়েও অকালে ঝরে পড়া।
যেনতেনভাবে জয়ের জন্য খেলে না তারা- এটাই তাদের ফুটবল-দর্শন। বরং পাসে পাসে সৌন্দর্যের ফুল ফুটিয়ে, সৃজনশীলতায় দর্শককের হাততালি কুড়িয়ে তবেই তাদের এই সাফল্য। ক্লাব দল বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের এই ‘তিকি-তাকা’র রহস্য সবার জানা। কিন্তু সবার পক্ষে সেটি ‘মানা’ তো আর সম্ভব না। সুযোগ পেলেই তাই এই ঘরাণায় ফুটবলের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেন তারা। ২০১২ ইউরো চলাকালীয়ন সময়ে সেটি বেজেছিল জোরেসোরে। একের পর পর বাধা টপকে স্পেন ফাইনালের পথে থাকার পরও সমালোচকদের মুখ আটকায়নি। কিন্তু ফাইনালে যখন ‘লা রোসা’রা ৪-০ গোলে গুঁড়িয়ে দিল ইতালিকে, তখন মুখে কলুপ এঁটে মুখ লুকানোয় জায়গা খুঁজছিলেন তারা। গত বছরের কনফেডারেশন্স কাপ ফাইনালে ব্রাজিলের কাছে ০-৩ গোলে স্পেনের হারের পর আবার সরব তারা। কে জানে, আসছে বিশ্বকাপেই না তাদের আবার ‘নীরব’ হয়ে যেতে হয় কিনা!
তো এমন দল নিয়ে কেন ট্রফি ধরে রাখার স্বপ্ন দেখবে না স্পেন? ১৯৩৪ ও ১৯৩৮-এর ইতালি, ১৯৫৮, ১৯৬২-র ব্রাজিলের মতো কেন টানা দুই বিশ্বকাপ জয়ের আশা করবে না?
স্বাগতিকদের পাশাপাশি আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরও বিশ্বকাপের টিকেট দেওয়া হত সরাসরি। সেই নিয়ম এখন আর নেই। স্বাগতিকদের সুবিধাটা থাকলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলতে হয় বাছাইপর্ব। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সরাসরি ব্রাজিলে খেলা নিশ্চিত করে তারা।
প্রথম ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নকআউট পর্বের প্রথম ম্যাচে হয়তো ব্রাজিল, এরপর...। অত দূর না ভেবেও বলা যায়, আসছে টুর্নামেন্টটি স্পেনের অগ্নিপরীক্ষায় নেওয়ার জন্য প্রস্তুত। তাতে পাস করলে ‘তিকি-তাকা’র জয়ধ্বনি উঠবে আরেকবার। ফেল করলে পর্দা নামবে সৌন্দর্য-সাফল্যের যুগলবন্দীর অবিশ্বাস্য এক ফুটবলীয় যাত্রার। শেষ হবে স্পেনের সাফল্য-চক্র!
এক নজরে:
গ্রুপ বি
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৩ জুন | নেদারল্যান্ডস | সালভাদর |
১৮ জুন | চিলি | রিও দে জেনেইরো |
২৩ জুন | অস্ট্রেলিয়া | কুরিচিবা |
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ১৩ বার
সেরা সাফল্য: চ্যাম্পিয়ন (২০১০), চতুর্থ (১৯৫০)
যেভাবে বিশ্বকাপে: ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ১
স্পেন দল:
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ), পেপে রেইনা (লিভারপুল), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)।
ডিফেন্ডার: সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেরার্দ পিকে (বার্সেলোনা), রাউল আলবিওল (নাপোলি), হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ), জরদি আলবা (বার্সেলোনা), সেসার আসপিকুয়েতা (চেলসি)
মিডফিল্ডার: সের্হিও বুসকেতস, চাভি এরনানদেস, আন্দ্রেস ইনিয়েস্তা, সেস ফ্যাব্রেগাস (সবাই বার্সেলোনা), চাবি আলোনসো (রিয়াল মাদ্রিদ), কোকে (আতলেতিকো মাদ্রিদ), সান্তি কাসোরলা (আর্সেনাল), জাভি মার্তিনেস (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি), দিয়েগো কস্তা (আতলেতিকো মাদ্রিদ), দাভিদ ভিয়া (আতলেতিকো মাদ্রিদ), পেদ্রো রদ্রিগেস (বার্সেলোনা), হুয়ান মাতা (ম্যানচেস্টার ইউনাইটেড), ফের্নান্দো তরেস (চেলসি)।
কোচ: ভিসেন্তে দেল বস্কে (জুলাই ২০০৮ থেকে)।
