এগিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা
বিশ্বসেরার লড়াইয়ে নামার আগে ব্রাজিলের আত্মবিশ্বাসের পারদটা আরেক ধাপ বাড়ছে। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে এবারের বিশ্বকাপের স্বাগতিকরা।
গত মাসের র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
র্যাঙ্কিংয়ে এগিয়েছে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও, দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে লিওনেল মেসির দেশ। এছাড়া দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে সুইজারল্যান্ড।
পিছিয়েছে লাতিন আমেরিকার দুই দেশ উরুগুয়ে ও কলম্বিয়া। এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে আছে স্ট্রাইকার লুইস সুয়ারেসের দেশ উরুগুয়ে। আর চোটের কারণে বিশ্বকাপে যেতে না পারা রাদামেল ফ্যালকাওয়ের দেশ কলম্বিয়া তিন ধাপ পিছিয়ে আছে অষ্টম স্থানে।
নবম স্থানে আছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি আর এক ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। পাঁচ ধাপ পিছিয়ে ১৬৭তম স্থানে নেমে গেছে তারা।
