২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জিতল আলজেরিয়া

ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আলজেরিয়াকে অনেকেই ভাবছেন অনাহুত। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির জন্য খেলা প্রীতি ম্যাচে ভালো ফল করে তারা এই ধারণাকে ভুল প্রমাণ করে যাচ্ছে। সর্বশেষ প্রীতি ম্যাচে রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আফ্রিকার দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 05:26 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় আলজেরিয়ার সমর্থকদের উচ্ছৃঙ্খলতার মধ্যেও দলকে জেতানো গোল দুটো করেন নাবিল বেনতালেব ও আরাবি সৌদানি।

ম্যাচের ২২ মিনিটে বেনতালেবের গোলে এগিয়ে যায় আলজেরিয়া। দলের গোল উদযাপন করতে গিয়ে উন্মত্ত হয়ে যায় সমর্থকরা।

রোমানিয়া গোলটি শোধ করে দেয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখায় তারা। এক পর্যায়ে মাঠে বিভিন্ন কিছু ছুড়ে মারে তারা। সমর্থকদের ঝামেলায় ৪৩তম মিনিটে একবার খেলা বন্ধও করে দিতে হয় রেফারিকে।

পরে আবার ম্যাচ শুরু হওয়ার ৬৬তম মিনিটে আলজেরিয়ার জয়সূচক গোলটি করেন সৌদানি। এই গোল উদযাপন করতে মাঠে নেমে পড়েছিল বেশ কয়েকজন সমর্থক।

এর আগে আর্মেনিয়াকে ৩-১ গোলে হারানো আলজেরিয়া ব্রাজিল বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে বেলজিয়াম, রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে খেলবে।