২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলি: আকর্ষণীয় ফুটবলের নিশ্চয়তা

ব্রাজিল বিশ্বকাপে ফেভারিট জার্মানরা মার্চে প্রীতি ম্যাচ খেলেছিল এমন এক দলের বিপক্ষে, যাদের পক্ষে বিশ্বকাপ জয়ের বাজি ধরার নেই কেউ। তবু তাতে জিততে বড্ড কষ্ট হয়েছিল তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যে ম্যাচটি এমনকি তিন/চার গোলের ব্যবধানে হারতে পারত, সেটি ১-০ গোলে জেতার পর জার্মান কোচ ইওয়াখিম লোর উপলব্ধি, ‘ওরা তো দেখলাম দুর্দান্ত দল। খেলেছে অবিশ্বাস্য ফুটবল।’ অবিশ্বাস্য ফুটবল খেলা সেই দুর্দান্ত দলটি চিলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 04:14 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

ইতালি-ইংল্যান্ড-উরুগুয়ে গ্রুপসঙ্গী হওয়ার ‘গ্রুপ অব ডেথ’-এর তকমা এবার লেগেছে ‘ডি’ গ্রুপের গায়ে। কিন্তু চিলির জন্য নিজেদের গ্রুপটাও-বা কম কীসে! সর্বশেষ বিশ্বকাপের দুই ফাইনালিস্টের সঙ্গে পড়ে গেছে তারা। স্পেন-নেদাল্যান্ডসের সঙ্গী হলে বিশ্বের অনেক দলই ব্রাজিলে যাওয়ার সময় ফেরার টিকেট করে রাখত। গ্রুপ পর্ব শেষ হতে না হতে যে তাদের বিশ্বকাপও শেষ হয়ে যাবে প্রায় নিশ্চিতভাবে! কিন্তু চিলির ব্যাপার পুরো আলাদা। অনেক বিশ্লেষক বরং গতবারের দুই ফাইনালিস্টের মধ্যে ছেঁটে ফেলছেন একটিকে। নিজেদের ফুটবলীয় সামর্থ্য তো আছেই, সঙ্গে মহাদেশে খেলার সুবিধা নিয়ে চিলি নকআউট পর্বে যাবে বলে মনে করছেন তারা। চিলির ফুটবলের জন্য এই প্রাপ্তিও তো কম নয়!

আকর্ষণীয় ফুটবলের কারণে ২০১০ বিশ্বকাপেই অনেক হাততালি কুড়িয়েছিল চিলি। মার্সেলো বিয়ালসার শিষ্যরা এবার ‘গুরু’ হিসেবে পেয়েছেন ‘গুরুর শিষ্য’কে। আর্জেন্টিনার হোর্হে সামপাওলি যে প্রকাশ্যেই বলেন, বিয়ালসার ঘরাণার কোচিং করান তিনি। তার কোচিং-দর্শনে আক্রমণই হচ্ছে ফুটবলের সবচেয়ে উচ্চকিত ভাষা।

ছোট ছোট পাসের সেই চোখ জুড়ানো ফুটবলে বিশ্ব মাতানোর জন্য প্রস্তুত চিলি। বার্সেলোনায় খেলা আলেক্সিস সানচেস তৈরি বিশ্বমঞ্চে ঝলক দেখানোর জন্য। তবে তার চেয়েও বড় তারকা আরতুরো ভিদাল। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলা এই চিলিয়ানকে মানা হয় বিশ্বের অন্যতম সেরা ‘বক্স টু বক্স মিডফিল্ডার’। রয়েছে মুরিসিও ইসলার মতো আক্রমণাত্মক উইং ব্যাক। এই চিলি তাই স্পেন-নেদারল্যান্ডসে ভয় পাবে কেন!

বিশ্বকাপ বাছাইপর্বে তাদের শুরু ও শেষ ঝলমলে উজ্জ্বল; মাঝেরটা একেবারে বিবর্ণ। প্রথম ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শুরুটা দারুণ হয়েছিল চিলির। কিন্তু মাঝে টানা তিন হারে বিদায়ঘণ্টা বেজে যায় কোচ ক্লদিও বোর্হির। সামপাওলি দায়িত্ব নেওয়ার পরও প্রথম ম্যাচে হার। কিন্তু বিপদের পাগলাঘণ্টি বেজে উঠতে না উঠতে সেটিতে তিনি থামিয়ে দেন। শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচ জয় ও এক ড্রতে বরং রঙিন বিশ্বকাপের স্বপ্ন দেখতে শুরু করেছে চিলিয়ানরা।

স্বপ্ন সত্যি হোক বা না হোক, চিলি যে দর্শকদের বিনোদন বিলাবে- এ নিয়ে বাজি ধরা যায় নির্দ্বিধায়। সাম্পাওলি যে ‘লা রোজা’দের রূপান্তরিত করেছেন আক্রমণাত্মক এক দলে। বাছাইপর্ব মোট ২৯ গোল দিয়েছে তারা, লাতিন অঞ্চলের বাছাইপর্বে একটির বেশি দল এর চেয়ে বেশি গোল দিতে পারেনি। ওদিকে চিলিয়ানদের আবার নিজেদের জাল থেকে বল কুড়িয়ে আনতে হয়েছে গুণে গুণে ২৫ বার। সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পাওয়া ওই অঞ্চলের চারটি দলের মধ্যে যা সর্বোচ্চ। বাছাইপর্বে চিলির খেলা ১৬ ম্যাচের মধ্যে ড্র হয়েছে কেবল একটি। শুধু শুধুই তো আর সাম্পওলির দলের খেলায় বিনোদনের নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না কেবল তাদের নকআউট পর্বে উত্তরণের। যতই আশা থাকুক, আশঙ্কার বহমান চোরাস্রোতটা তো উপেক্ষার উপায় নেই। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট গ্রুপসঙ্গী বলে কথা! অস্ট্রেলিয়ার বিপক্ষে না হয় তিন পয়েন্ট পাওয়া গেল, কিন্তু অন্য দুটো ম্যাচে সেটি হবে যে খুব কঠিন! এর চেয়েও কঠিন হবে ১৯৬২ সালে নিজ দেশে অনুষ্ঠিত আসরের সেমি-ফাইনালে খেলার কীর্তির পুনরাবৃত্তি।

এক নজরে:

গ্রুপ: বি

তারিখ

প্রতিপক্ষ

স্থান

১৩ জুন

অস্ট্রেলিয়া

কুইয়াবা

১৮ জুন

স্পেন

রিও দে জেনেইরো

২৩ জুন

নেদারল্যান্ডস

সাও পাওলো

এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ৮ বার

সেরা সাফল্য: সেমি-ফাইনাল (১৯৬২); দ্বিতীয় রাউন্ড (১৯৯৮, ২০১০)

যেভাবে বিশ্বকাপে: বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে।

খেলার ফর্মেশন: ৪-৩-১-২

ফিফা র‌্যাঙ্কিং: ১৪

চিলি দল:

গোলরক্ষক: ক্লদিও ব্রাভো (রিয়াল সোসিয়েদাদ), জনি এররেরা (ইউনিভার্সিদাদ দে চিলি), ক্রিস্তোফার তোসেইয়ি (ইউনিভার্সিদাদ কাতোলিকা)

ডিফেন্ডার: গারি মেদেল (কার্ডিফ সিটি), গনসালো হারা (নটিংহ্যাম ফরেস্ট), হোসে রোহাস (ইউনিভার্সিদাদ দে চিলি), ইউহেনিও মেনা (সান্তোস), মাওরিসিও ইসলা (জুভেন্টাস),

মিডফিল্ডার: হোর্হে ভালদিভিয়া (পালমেইরাস), ফেলিপে গুতিয়েররেস (টোয়েন্টে), হোসে পেদ্রো ফুয়েনসালিদা (কোলো কোলো), ফ্রান্সিসকো সিলভা (ওসাসুনা), আর্তুরো ভিদাল (জুভেন্টাস), চার্লস আরানগুইস(ইন্তারনাসিওনাল), মার্সেলো দিয়াস (বাসেল), কার্লোস কারমোনা (আতালান্তা), মিইকো আলবোরনোস (মালমো)

ফরোয়ার্ড: আলেক্সিস সানচেস (বার্সেলোনা), এসতেবান পারেদেস (কোলো কোলো), এদুয়ার্দো বার্গাস (ভালেন্সিয়া), জা বোসেজুর (উইগান অ্যাথলেটিক), মুরিসিও পিনিইয়া (কাইলিয়ারি), ফাবিয়ান ওরেইয়ানা (সেল্টা)

কোচ: হোর্হে সামপাওলি (ডিসেম্বর ২০১২ থেকে)

বিশ্বকাপের সব দল সম্পর্কে জানতে ক্লিক করুন