২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাক্সেমবার্গের সঙ্গে ড্রতেও বিচলিত নয় ইতালি

বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচে দুর্বল লাক্সেমবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইতালি। তবে এই ফলে ভয়ের কিছু দেখছেন না ইতালি কোচ চেজারে প্রানদেল্লি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 02:29 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

ম্যাচ শেষে ইতালি কোচ বরং বলেছেন তার পরীক্ষা-নিরীক্ষা সফল হয়েছে।

“বিশ্বকাপে আমরা কিভাবে খেলব, এই ম্যাচের পর এ নিয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। আমরা কাজ করে যাব এবং আমরা জানি আমরা একটি ভালো বিশ্বকাপ পেতে পারি।”

ব্রাজিল রওনা হয়ে যাওয়ার আগে বুধবার শেষ প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল ইতালি। দেশের মাটিতে এই ম্যাচে আক্রমণভাগ একটু অন্যরমভাবেই সাজান ইতালির কোচ।

মাঝমাঠে দানিয়েল দে রস্সির ওপরে খেলেন আন্দ্রেয়া পিরলো আর মার্কো ভেরাত্তি। আর একমাত্র স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে সাহায্য করতে ছিলেন ক্লাওদিও মার্কিসিও ও আন্তোনিও কানদ্রেভা।

চিরায়ত ফর্মেশনের বাইরে গিয়ে সাজানো প্রানদেল্লির এই পদ্ধতিতে তেমন নজর কাড়া ফুটবল উপহার দিতে পারেনি ইতালি। ম্যাচের ৯ মিনিটেই অবশ্য গোল পেয়ে যায় তারা। বালোতেল্লির ক্রস থেকে গোলটি করেন মার্কিসিও।

৮৫ মিনিট পর্যন্ত গোলটি ধরে রেখেছিল ইতালি। ম্যাক্সিম শানতের গোলে শেষ পর্যন্ত অবশ্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

ব্রাজিল বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ৪ বারের চ্যাম্পিয়ন ইতালির তিন প্রতিপক্ষ উরুগুয়ে, ইংল্যান্ড ও কোস্টা রিকা।