ইংল্যান্ড-ইকুয়েডর ড্রতে ২ লাল কার্ড
রাহিম স্টার্লিংয়ের লাল কার্ড, অক্সলেইড-চেম্বারলেইনের চোট—সব মিলিয়ে ইকুয়েডরের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া প্রীতি ম্যাচটি বিশ্বকাপের আগে ইংল্যান্ড দল দেখলো ‘রেড অ্যালার্ট’।
বুধবার মিয়ামিতে ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে লাল কার্ড দেখেন লিভারপুলের তরুণ ফরোয়ার্ড স্টার্লিং। ম্যানচেস্টার ইউনাইডেটের আন্তোনিও ভালেন্সিয়াকে অবৈধভাবে বাধা দেয়ার কারণেই এই দুর্ভাগ্য বরণ করতে হয় তাকে। ফাউলের পর স্টার্লিংয়ের ঘাড় চেপে ধরায় লাল কার্ড দেখেন ইকুয়েডর অধিনায়ক ভালেন্সিয়াও।
ইংল্যান্ড সমতায় ফেরে ২৯তম মিনিটে। দলকে সমতায় ফেরাতে ইংল্যান্ডের জার্সি গায়ে ৩৯তম গোল করেন ওয়েইন রুনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংল্যান্ডকে এগিয়ে দেন রিকি ল্যাম্বার্ট। তবে কোচ রয় হজসনের পরীক্ষামূলক দল এই গোলটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। মাইকেল আরোয়োর ৭০তম মিনিটের গোলে সমতায় ফেরে ইকুয়েডর।
এই ম্যাচের পর দলের ভুলে ভরা রক্ষণ নিশ্চয়ই ভাবাবে ইংল্যান্ড কোচকে। তবে ইংল্যান্ডের মাঝমাঠ আর আক্রমণভাগ বেশ কিছু ঝলক দেখিয়েছে এই ম্যাচে।
এভারটনের মিডফিল্ডার রস বার্কলির কথা বিশেষ করেই বলতে হয়। ইংল্যান্ডের দ্বিতীয় গোলটিতে অবদান রাখা এই মিডফিল্ডার যতক্ষণ মাঠে ছিলেন, নজরকাড়া ফুটবলই উপহার দিয়েছেন।
তবে সবকিছু ছাপিয়ে ইংল্যান্ডের কাছে সবচেয়ে হতাশাজনক হয়ে ধরা দিয়েছে চেম্বারলেইনের চোট। হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়া আর্সেনালের এই মিডফিল্ডারকে চোটের জায়গায় স্ক্যান করাতে হবে বলে ম্যাচ শেষে জানিয়েছেন কোচ।
ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ড ‘জি’ গ্রুপে উরুগুয়ে, কোস্টা রিকা ও ইতালির বিপক্ষে খেলবে।
‘ই’ গ্রুপে ইকুয়েডরের তিন প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ফ্রান্স ও হন্ডুরাস।
