নক আউট পর্বের লক্ষ্য বসনিয়া কোচের
ইউরোপ থেকে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করা বসনিয়া-হার্জেগোভিনার কোচ সাফেত সুসিচ চূড়ান্ত পর্বে বিস্ময় উপহার দিতে চান।
দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাইজেরিয়া ও ইরানের সঙ্গে 'এফ' গ্রুপে থাকা বসনিয়া কোচ সুসিচের লক্ষ্য নক আউট পর্ব।
মঙ্গলবার মেক্সিকোর জয়রথ থামানো ১-০ গোলের জয়ের পর আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বসনিয়া কোচ।
মেক্সিকো কোচ মিগেল এররেরা জানান, শিকাগোয় প্রীতি ম্যাচে বসনিয়া ছিল 'বিরক্তিকর'। তার এই মন্তব্যকে পাশ কাটিয়ে যাওয়া সুসিচ জানান, তার পূর্ণ মনোযোগ এখন 'এফ' গ্রুপ নিয়ে।
"আমরা প্রথমবারের মতো বিশ্বকাপে এসেছি। অবশ্যই আমরা বিশ্বকে দেখাতে চাই আমাদের সেখানে যাওয়া দুর্ঘটনা নয়।"
বসনিয়ায় অনেক উঁচুমানের ফুটবলার রয়েছে। বিশ্বকাপ দলে তাদের প্রায় সবাইকেই পেয়েছেন সুসিচ। তিনি জানান, আপাতত তাদের লক্ষ্য প্রথম রাউন্ড পার হওয়া। পরের লক্ষ্য এরপর ঠিক করবেন তারা।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বের ড্রয়ের পরই সুসিচ জানিয়েছিলেন, বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনার সঙ্গে এক গ্রুপে পড়লেও তিনি অসুখী নন। শক্তিতে পিছিয়ে থাকা ইরান নয়, নাইজেরিয়ার সঙ্গেই হবে দ্বিতীয় দল হিসেবে নক আউটে যাওয়ার মূল লড়াই।
