২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিততে চান আরো পরিণত মেসি

বার্সেলোনার হয়ে অনেক শিরোপা জিতেছেন; এবার দেশের হয়ে একটা শিরোপা জিততে চান লিওনেল মেসি। ব্রাজিল বিশ্বকাপের আগে ইএসপিএনকে দেয়া এক সাক্ষাতকারে ওই লক্ষ্যটাকেই নতুন করে আবার জানালেন আর্জেন্টিনা অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 09:51 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

সাক্ষাতকারে মেসি জানান, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চেয়ে এখন খেলোয়াড়ী ও ব্যক্তিগত দুই দিক থেকেই এখন আরো পরিণত তিনি।

বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ১৫ জুনের ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের গ্রুপে আছে নাইজেরিয়া ও ইরানও।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছেন মেসি। এবার তার নেতৃত্বেই খেলবে আর্জেন্টিনা।

“গত কয়েক বছরে আমি খেলোয়াড় হিসেবে অনেক পরিণত হয়েছি। আমি অনেক ভালো ও খারাপ ঘটনার মধ্য দিয়ে গিয়েছি, যা আমাকে আরো পেশাদার করেছে।”

আগের দু'বার হতাশা নিয়ে ফিরলেও শিরোপাই চাই মেসির।

“আমি আর্জেন্টিনার হয়ে এই শিরোপাটি জিততে চাই। মানুষ আমাকে বাইরে থেকে যেমন দেখে তা পাল্টানোর জন্য নয়। জিততে চাই, কারণ এটা দলের লক্ষ্য আর আমার তালিকায় নতুন একটি ট্রফি যোগ করা।”

বাবা হওয়ার পর থেকে দৃষ্টিভঙ্গি অনেক পাল্টে গেছে মেসির।

“বাবা হওয়ার পর তুমি সবকিছু ভিন্ন ভাবে দেখবে। এখন আমার ছেলে সবার আগে এরপর অন্যরা। এটা আমাকে অনেক পাল্টে দিয়েছে।”

আর্জেন্টিনা অধিনায়ক জানান, সব সময়ে ভালো করার ইচ্ছা, আরো বেশি চাওয়া এবং প্রথম ব্যক্তি হিসেবে নিজের সমালোচনা এই সবের যোগফলে সেরাদের কাতারে উঠে এসেছেন তিনি।

মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় রেখেছেন, ক্লাব সতীর্থ চাভি, ইনিয়েস্তা ও নেইমারকে। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো, বায়ার্ন মিউনিখের ফ্র্যাঙ্ক রিবেরি ও আরিয়ান রবেনও আছেন তার তালিকায়।

“আমি অনেক খেলোয়াড়ের নাম বলতে পারবো। তবে আমার মনে হয় এটা ভক্তদের ওপরই ছেড়ে দেয়া উচিত।”