২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকো: পেরুবে দ্বিতীয় রাউন্ডের বাধা?

আগের ১৯ বিশ্বকাপের মধ্যে ১৪টিতেই খেলেছে তারা মূল পর্বে। তারপরও বিশ্ব ফুটবলে বড় নাম নয় মেক্সিকো। ফুটবলীয় কীর্তির চেয়ে বরং দর্শকদের কাছে তাদের বড় পরিচয় ১৯৭০ ও ১৯৮৬ আসরের আয়োজক হিসেবে। পেলে-রিভেলিনো-গারসন-তোস্তাওদের সর্বকালের সেরা সেই ব্রাজিল দল তাদের ঐশ্বরিক ফুটবলের পসরা সাজিয়েছিল মধ্য আমেরিকার দেশটিতে। ঠিক যেমনটি ১৬ বছর পর ১৯৮৬ সালে ওই মেক্সিকোতেই অপার্থিব ফুটবল প্রদর্শনীতে দিয়েগো মারাদোনা চ্যাম্পিয়ন করেছিলেন আর্জেন্টিনাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 06:46 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

নিরপেক্ষ দর্শকদের কাছে মেক্সিকোর সবচেয়ে বড় পরিচয় হয়তো এটি। হয়তো-বা বিশ্ব ফুটবলের গড়পড়তা এক দল তারা। কিন্তু নিজ অঞ্চলে ব্যাপারটি কিন্তু আবার অন্যরকম। কনকাকাফ অঞ্চলে মেক্সিকো যে রীতিমতো ‘ব্রাজিল’! সেখানকার সবচেয়ে বড় ফুটবল পরাশক্তি। অথচ সেই মেক্সিকোকে এবার বিশ্বকাপের টিকেট পেতে কী কাঠখড়টাই না পোড়াতে হয়েছে! অমন বাছাইপর্বের কারণেই তো ব্রাজিল বিশ্বকাপে তাদের ঘিরে আশার পারদটা তত উপরে নয়।

কনকাকাফ অঞ্চলে মেক্সিকোর সঙ্গে পাল্লা দেওয়ার মতো দল কেবল যুক্তরাষ্ট্র। সঙ্গে হন্ডুরাস, পানামা, জ্যামাইকা, গায়ানার মতো ছোট ছোট দেশ। তো এখান থেকে তিনটি দল যখন সরাসরি পায় বিশ্বকাপের টিকেট, তখন মেক্সিকোর চিন্তার কোনো কারণ থাকে না। আর ২০১২ সালের অলিম্পিক ফাইনালে ব্রাজিলকে হারিয়ে স্বর্ণপদক জয়ের ইতিহাস যখন থাকে, তখন প্রেরণারও কমতি কোথায়! অথচ কী আশ্চর্য, এই মেক্সিকোকে বিশ্বকাপে খেলার জন্য রীতিমতো ঘাম ঝরাতে হল।

ছয় দলকে নিয়ে হয়েছিল এই অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্ব। সেখানে নিজেদের ১০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জেতে মেক্সিকো। তিন ম্যাচ বাকি থাকতে বিদায় নেন কোচ হোসে ম্যানুয়েল দে লা তোরে। তার উত্তরসূরী ভিক্তর মানুয়েল ভুসেতিচ পানামার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জিতিয়েছেন ঠিক। কিন্তু শেষ ম্যাচে আবার কোস্টারিকার কাছে হেরে যায় মেক্সিকো। অন্য খেলায় ৯৩তম মিনিটের গোলে যুক্তরাষ্ট্র পানামাকে হারালেই কেবল প্লে-অফে খেলার সুযোগ মেলে দুবারের বিশ্বকাপ আয়োজকদের। সেখানে দুই লেগ মিলিয়ে নিউ জিল্যান্ডকে ৯-৩ গোলে হারিয়ে ব্রাজিলের আয়োজনে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে মেক্সিকো।

এই প্লে-অফের জন্য ভুসেতিসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় মিগেল এররেরাকে। কোচ হয়ে এসেই ‘বিপ্লবী’ এক সিদ্ধান্ত নেন তিনি। ইউরোপের ক্লাবের খেলোয়াড়দের বাদ দিয়ে গড়েন দল। প্রতিপক্ষ দুর্বল বলেই হয়তো এতটা সাহসী হতে পেরেছিলেন এররেরা। সেখানে স্বচ্ছন্দ্য জয় কোচের সিদ্ধান্তকে যথার্থ হিসেবে প্রমাণ করেছে। কিন্তু বিশ্বকাপে ও পথে হাঁটার কোন সুযোগ নেই তার। তিন তারকা হাভিয়ের এর্নান্দেস, জিওভান্নি দস সান্তোস ও এক্তর এররেরা এরা সবাই খেলেন ইউরোপে। তাদের ছাড়া খেলে নিউ জিল্যান্ডকে হারানো যায়। কিন্তু ব্রাজিল-ক্রোয়েশিয়া-ক্যামেরুনের গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠা যায় না।

দ্বিতীয় রাউন্ড-বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে যেটি মেক্সিকোর কাছে সর্বোচ্চ স্বপ্ন। তবে বাছাইপর্বের খুঁড়িয়ে চলা বাদ দিয়ে যদি ইতিহাসের আগের পৃষ্ঠায় চোখ বোলানো যায়, তাহলে সেটি তাদের কাছে এক রকম ‘অভিশাপ’। ১৯৯৪ বিশ্বকাপ থেকে যে প্রতিটি বিশ্বকাপেই তাদের অভিযান মুখ থুবড়ে পড়েছে এই দ্বিতীয় রাউন্ডে এসে। ১৯৭০ ও ১৯৮৬ সালে নিজ দেশে আয়োজিত আসর দুটোয় কোয়ার্টার ফাইনালে ওঠাটাই হয়ে আছে মেক্সিকোর সেরা সাফল্য।

জঘন্য বাছাইপর্ব, দলের চোরা অন্তর্কোন্দল, বারবার কোচ বদলে মেক্সিকান ফুটবলও যেন পেছনে ফেলে এসেছে সেই সেরা সময়টা। শুধু শুধু তাই স্বপ্নের ফানুস উড়িয়ে লাভ কী! ব্রাজিল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যেতে পারলে সেটিই যে মেক্সিকোর জন্য বিবেচিত হবে সাফল্য হিসেবে!

২০১২ অলিম্পিকে মেক্সিকোর স্বর্ণপদক জয়ের সময় যেটি ভাবা যায়নি একেবারেই!

এক নজরে:

গ্রুপ 'এ':

১৩ জুন

ক্যামেরুন

নাতাল

১৭ জুন

ব্রাজিল

ফোরতালেজা

২৩ জুন

ক্রোয়েশিয়া

রেসিফি

এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ: ১৪ বার

সেরা সাফল্য:

কোয়ার্টার ফাইনাল: ১৯৭০, ১৯৮৬

দ্বিতীয় রাউন্ড: ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০

যেভাবে বিশ্বকাপে: কনকাফাফ অঞ্চলের পয়েন্ট টেবিলে চার নম্বরে থেকে প্লে-অফ খেলে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিপক্ষে। তাদের দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে হারিয়ে বিশ্বকাপে আসে মেক্সিকো।

এবারের সেরা তিন তারকা: হাভিয়ের এর্নান্দেস, জিওভান্নি দস সান্তোস ও এক্তর এররেরা

খেলার ফর্মেশন: ৫-১-২-২

ফিফা র‌্যাঙ্কিং: ২০

মেক্সিকো দল:

গোলরক্ষক: হোসে দে হেসুস কোরোনা (ক্রুস আসুল), আলফ্রেদো তালাভেরা (তোলুকা), গিয়েরমো ওচোয়া (আজাক্সিও)।

ডিফেন্ডার: মিগেল লায়ুন (আমেরিকা), কার্লোস সালসিদো (তিগরেস), পাউল আগিলার (আমেরিকা), আন্দ্রেস গুয়ারদাদো (বায়ার লেভারকুজেন), এক্টর মোরেনো (এসপানিওল), ফ্রান্সিসকো হাভিয়ের রদ্রিগেস (আমেরিকা), দিয়েগো রেইয়েস (পোর্তো), রাফায়েল মারকেস (লিওঁ)।

মিডফিল্ডার: মিগেল আনহেল পনসে (তোলুকা), হোসে হুয়ান ভাসকেস (লিওঁ), এক্তর এররেরা (পোর্তো), ইসাক ব্রিসুয়েলা (তোলুকা), মার্কো ফাবিয়ান (ক্রুস আসুল), কার্লোস পেনা (লিওঁ)।

ফরোয়ার্ড: ওরিবে পেরালতা (সান্তোস), হাভিয়ের এরনান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জিওভানি দোস সান্তোস (ভিয়ারিয়াল), রাউল হিমেনেস (আমেরিকা), আলান পুলিদো (তিগরেস)।

কোচ: মিগেল এররেরা (অক্টোবর ২০১৩ থেকে)

বিশ্বকাপের সব দল সম্পর্কে জানতে ক্লিক করুন