ক্যামেরুন: অদম্য সিংহদের গর্জন আরেকবার?
ক্যামেরুন, নামটি বললেই মুহূর্তেই ফুটবলপ্রেমীদের চোখে ভেসে ওঠে ওমাম বিয়িকের সেই অবিশ্বাস্য হেড। কিংবা রজার মিলার পিছু ছুটে চলা কলম্বিয়ান গোলরক্ষক রেনে হিগুইতার সেই পাগলপারা দৌড়। অথবা গোল করার পর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে মিলার সেই কোমড়দোলানো নাচ। স্মৃতির সিন্দুকে তুলে রাখার মতো এমন অনেকগুলো দ্যুতিময় মুহূর্ত উপহার দিয়েছে ‘আফ্রিকার অদম্য সিংহ’। এক ১৯৯০ বিশ্বকাপেই!
এরপর? আর সেভাবে শোনা যায়নি সিংহের গর্জন। দাঁত-নখর ভোঁতা হয়ে গেছে। ক্যামেরুন পরিণত হয়েছে আর দশটি দলের একটিতে। যারা বিশ্বকাপে আসে আর প্রথম পর্ব থেকে বিদায় নেয়। আবার কখনো কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতাটাই অর্জন করতে পারে না। ব্রাজিল বিশ্বকাপে যাচ্ছে তারা পুরনো সেই গর্জন শোনানোর প্রত্যয়ে। আরেকটিবার ‘অদম্য সিংহ’ হয়ে ওঠার প্রতিজ্ঞায়।
সে না হয়, এরপর? ১৯৯০ সালের স্মৃতির ওড়াওড়ি থাকলেও সেটি কি ফিরিয়ে আনা সম্ভব? আশাজাগানিয়া কিছু কিন্তু খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, স্যামুয়েল এতোর মতো প্রজম্মের অন্যতম সেরা ফুটবলার আছে এই দলে। কিন্তু তার বয়স তো ৩৩ পেরিয়ে গেছে। সেরা সময়কে পিছু ফেলে আসাটাই কেবল সমস্যা না। সতীর্থদের সঙ্গেও খুব বনিবনা নেই তার। সবাই মিলে চক্রান্ত করে তাকে পাস দিচ্ছেন না বলেও তো অভিযোগ করতে শোনা গেছে এতোকে। দলের অন্তর্কোন্দলের প্রকাশ তাতে হয়ে যায় স্পষ্ট। আর এতোর সঙ্গী হিসেবে অমন বিশ্বমানের কেউ নেই-ও। মিলার সঙ্গে দুই যুগ আগে যেমন ছিলেন ওমাম বিয়িক, কানা বিয়িক, ম্যাকানাকিরা। ২০১৪ সালে ১৯৯০ ফেরানো তাই বড্ড কঠিন হবে ক্যামেরুনের জন্য।
আশার জায়গা একটাই গ্রুপের ড্র। ১৯৯০ সালে আর্জেন্টিনাকে হারিয়েছিল বলে এবার ব্রাজিলকে হারানো যাবে - এমন স্বপ্ন দেখার সাহস নেই ক্যামেরুনের। তবে মেক্সিকো-ক্রোয়েশিয়াকে টপকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখতে বাধা তো নেই। শক্তিতে তো ওই দল দুটি যোজন যোজন এগিয়ে নেই। আর এতো-ম্যাজিক যদি ব্রাজিলের সবুজে ফুটে ওঠে, তাহলে নকআউট পর্বের আশা বাড়াবাড়ি নয় মোটেও।
স্বপ্নবিলাসী ছাড়া আর কী বলা যায় রজার মিলাকে!
এক নজরে:
গ্রুপ: এ
তারিখ | প্রতিপক্ষ | স্থান |
১৩ জুন | মেক্সিকো | নাতাল |
১৮ জুন | ক্রোয়েশিয়া | মানাউস |
২৩ জুন | ব্রাজিল | ব্রাজিলিয়া |
সেরা সাফল্য: কোয়ার্টার-ফাইনাল (১৯৯০)
যেভাবে ব্রাজিল বিশ্বকাপে: প্লে-অফের দুই লেগ মিলিয়ে তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়ে।
খেলার ফর্মেশন: ৪-২-৩-১
ফিফা র্যাঙ্কিং: ৫৬
ক্যামেরুন দল:
গোলরক্ষক: শাল ইতানজে (কোনিয়াস্পোর), সামি এনজোক (ফেথিয়েস্পোর), লোইক ফেউজু (কটন স্পোর্ট)।
ডিফেন্ডার: আলান নইয়োম (গ্রানাদা), সেদ্রিক ডুগুয়ে (কটন স্পোর্ট), ড্যানি নাউনকেউ (বেসিকতাস), অহেলিয়েন শেডজু (গ্যালাতাসারাই), নিকোলা এনকোলু (মার্সেই), অঁরি বেদিমো (লিও), বেনোয়া আসু-একোতো (কুইনস পার্ক রেঞ্জার্স)
মিডফিল্ডার: এনোহ এইয়োং (আন্তালিয়াস্পোর), জ্যঁ মাকুন (রেনেঁ), জোয়েল মাতিপ (শালকে), স্তেফান এমবিয়া (সেভিয়া), লন্দ্রি এনগুমো (বোর্দো), আলেক্সন্দ সং (বার্সেলোনা), এদগার সালি (লঁস)।
ফরোয়ার্ড: স্যামুয়েল এতো (চেলসি), এরিক-ম্যাক্সিম চুপো মতিং (মেইঞ্জ), বেঞ্জামিন মুকাঞ্জো (নাসিঁ), ভিনসেন্ত আবুবকর(লরাঁ), পিয়েরে আচিলেওয়েবো (ফেনারবাচে), ফ্যাব্রিস ওলিঙ্গা (মালাগা)।
কোচ: ফোলকার ফিনকে (মে ২০১৩ থেকে)
