২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমকের প্রত্যাশা ইরানের

ফুটবল বিশ্বে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানির ভিড়ে ‘ছোট’ দল হিসেবেই পরিচিত ইরান। বিশ্বকাপের বড় মঞ্চে খুব একটা অভিজ্ঞও নয় তারা। তবে শক্তির বিচার আর পরিসংখ্যানের পার্থক্য ভুলে এবার ‘বড়’দের চমকে দেয়ার প্রত্যাশা ইরানের কোচ কার্লোস কুইরোসের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 05:31 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

‘এফ’ গ্রুপে এশিয়ার দেশ ইরানের সঙ্গে আছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা, ‘সুপার ঈগল’ নামে পরিচিত আফ্রিকার দল নাইজেরিয়া ও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া ইউরোপের দল বসনিয়া ও হার্জেগোভিনা।

তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর আর্জেন্টিনা অমিত শক্তিধর। নাইজেরিয়ার আছে যেকোনো দলকে ঘাবড়ে দেয়ার ক্ষমতা। আর বসনিয়া বিশ্বকাপের মঞ্চে নতুন হলেও দলটি এবার বেশ শক্তিশালী। তাই গ্রুপ পর্বের লড়াইয়েও ইরানকে নিয়ে বাজি ধরার লোক তেমন একটা পাওয়া যাবে না।

আর এই সুযোগটাই কাজে লাগিয়ে চমক দেখাতে চান কুইরোস। বিশ্বকাপের পূর্ব প্রস্তুতিটা ভালোভাবে সারতে মঙ্গলবার ব্রাজিলে পৌঁছেছে ইরান দল। সাও পাওলোর করিন্থিয়ান্স অনুশীলন কেন্দ্রে ঘাঁটি গাড়বে তারা।

সাও পাওলোয় পৌঁছে কুইরোস বলেন, “সেরাদের বিপক্ষে খেলার যোগ্যতা আমরা অর্জন করেছি আর এখন সময় তা করে দেখানোর। আমাদের হাতে প্রতিটি ম্যাচে ৯০ মিনিট করে আছে আর সময়টা আমরা সর্বোচ্চ কাজে লাগাবো।”