মেসি, হিগুয়াইনদের নিয়ে রোমাঞ্চিত সাবেইয়া
ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা দলের আক্রমণভাগ নিয়ে রোমাঞ্চিত কোচ আলেহান্দ্রো সাবেইয়া।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি ছাড়াও আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত দলে আছেন গনসালো হিগুয়াইন, স্যার্হিও আগুয়েরো ও আনহেল দি মারিয়া।
‘ফ্যানটাস্টিক ফোর’ নামে পরিচিত এই চার তারকার উপস্থিতিতে এবারের বিশ্বকাপের সেরা আক্রমণভাগের একটি হচ্ছে আর্জেন্টিনার।
বিশ্বকাপ লক্ষ্য পূরণে তাই দলের মূল এই অংশের দারুণ সম্ভাবনা দেখছেন সাবেইয়া। ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার লক্ষ্য তৃতীয় শিরোপা।
“এই দলে বেশ কিছু অসাধারণ খেলোয়াড় আছে, যাদের অধিকাংশই ফরোয়ার্ড। লিওনেল মেসি, গনসালো হিগুয়াইন, স্যার্হিও আগুয়েরো ও আনহেল দি মারিয়া …. এদেরকে নিয়ে আপনি দারুণ উৎসাহ বোধ করবেন। এমনকি আমিও এটা অস্বীকার করতে পারছি না।”
সাবেইয়া মনে করেন, এই খেলোয়াড়েরা যখন ছন্দে থাকে তখন তাদের খেলা দেখার জন্যে সমর্থকরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকে।
একের পর এক চোটের কারণে বার্সেলোনার হয়ে গত মৌসুমটা খারাপই কেটেছে টানা চারবারের ফিফা বর্ষসেরা মেসির। তবে সাবেইয়ার বিশ্বাস, ওই হতাশা ভুলে ঘুরে দাঁড়াবেন মেসি।
সাবেইয়া জানান, মানসিক ও শারীরিকভাবে মেসি বেশ ভালো অবস্থায় আছেন।
