২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড আর পেনাল্টি নিয়ে পিরলো

গত এক দশকের অন্যতম সেরা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। অসাধারণ এক ফুটবল-শিল্পী। এই ফুটবলারের ক্যারিয়ারে সাফল্যও কম নয়। ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জয় নিঃসন্দেহে সবচেয়ে বড় অর্জন। পাশাপাশি ক্লাব ফুটবলে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ এবং পাঁচটি সেরি আ শিরোপা। বিশ্বকাপ সামনে রেখে বিবিসি রেডিও ফাইভ লাইভকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন পিরলো। সেখানে ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ ম্যাচে তার দল ইতালির প্রতিপক্ষ ইংল্যান্ড নিয়ে মূল্যায়ন যেমন আছে, তেমনি পেনাল্টি এবং নিজের বিশ্বকাপ স্মৃতি নিয়েও কথা বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 01:30 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

প্রশ্ন: ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলার মূল চ্যালেঞ্জগুলো কী?

আন্দ্রেয়া পিরলো: ইংল্যান্ডের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। তবে আবার এমন ম্যাচে খেলার জন্য সবাই মুখিয়ে থাকে, বিশেষত ম্যাচটি যদি হয় বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের। এবারের বিশ্বকাপে তো ইংল্যান্ডের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে প্রথম ম্যাচেই। এটিও হবে বেশ কঠিন ও গুরুত্বপূর্ণ এক ম্যাচ।

প্রশ্ন: ২০১২ ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ইতালি। এবার কি ভিন্ন ধরনের প্রতিপক্ষ-পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে ভাবছেন?

পিরলো: আমার তাই মনে হয়। কারণ গত দুই বছরে ইংল্যান্ড দলে অনেক নতুন নতুন ফুটবলার এসেছে। এ কারণেই আমরা এবার ওদের কাছ থেকে আশা করছি ভিন্ন কিছু। আমাদের গ্রুপটি খুব ভারসাম্যপূর্ণ। শেষ পর্যন্ত যে দুটো দলই নকআউট পর্বে যাবে, তারা অন্যদের চেয়ে ভালো করবে বলেই যাবে।

প্রশ্ন: প্রতিপক্ষ হিসেবে স্টিভেন জেরার্ডকে কিভাবে মূল্যায়ন করবেন?

পিরলো: ও গ্রেট ফুটবলার। অনেক বছর ধরেই অসাধারণ ফুটবল খেলছে। এই ইংল্যান্ড দলে গুরুত্বপূর্ণ এক স্তম্ভ জেরার্ড। আমি নিশ্চিত যে, ভালো এক বিশ্বকাপই কাটবে ওর।

প্রশ্ন: আর ইংল্যান্ডের নতুন প্রজন্মের ফুটবলাররা? রস বার্কলি, অ্যাডাম লালানাদের মতো ফুটবলার সম্পর্কে আপনার ধারণা কী?

পিরলো: গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে এভারটনের বিপক্ষে আমরা (জুভেন্টাস) একটি প্রীতি ম্যাচ খেলেছিলাম। সেখানে বার্কলিকে আমি দেখেছি। দুর্দান্ত এক ফুটবলার ও। লালানা সম্পর্কে আমি অবশ্য খুব বেশি জানি না। তবে লোকে ওর সম্পর্কে ভালো ভালো কথাই বলেছে আমাকে।

প্রশ্ন: আপনার কী মনে হয়, ইংলিশ ফুটবল কেন আন্দ্রেয়া পিরলোর ধাঁচের ফুটবলার বের করে আনতে পারে না?

পিরলো: আমি ঠিক জানি না। ইংল্যান্ডের খেলার ধরন আলাদা। মাঠে আমি যে জাতীয় কাজ করি, ইংলিশ ফুটবলে সেটি করা হয় ভিন্নভাবে। সেজন্য ট্রেনিং ও প্রস্তুতিটাও হয় ভিন্ন। তবে ইংল্যান্ডের এমনিতেই বেশ কিছু গ্রেট ফুটবলার আছে। এজন্য আমার মনে হয় না, ‘পিরলো’র ধাঁচের ফুটবলারের অনুপস্থিতি তাদের জন্য বড় কোনো সমস্যা।

প্রশ্ন: ইতালি সম্পর্কে কী বলবেন? ভয়ঙ্কর ফুটবলার আছেন কারা? আর কারাই-বা ইংল্যান্ডকে চমকে দিতে পারবে?

পিরলো: আশা তো করি, কেউ না কেউ ঠিক বেরিয়ে আসবে। সেটি কে, তা খুব গুরুত্বপূর্ণ না। ইতালির জয়ের জন্য কেউ একজন অনেক অনেক গোল করতে পারলেই হয়।

প্রশ্ন: সেই ‘কেউ একজন’ কি মারিও বালোতেল্লি হতে পারেন? ম্যানচেস্টার সিটিতে কাটানো সময়ের জন্য ইংল্যান্ডে সবাই ওকে ভালোভাবে মনে রেখেছেন।

পিরলো: মারিও দারুণ ছেলে। মাঠে গিয়ে ওর শুধু নিজের সামর্থ্যের প্রকাশটা দেখাতে হবে। সেজন্য বিশ্বকাপের চেয়ে বড় উপলক্ষ ও আর পাবে না।

প্রশ্ন: পেনাল্টি নিয়ে একটু কথা বলা যাক। এই ব্যাপারটি গত দশক ধরে ইংল্যান্ডকে তাড়িয়ে বেড়াচ্ছে। আপনি তো নিয়মিত পেনাল্টি নেন। ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে দলের প্রথম শটটিও নিয়েছিলেন। পেনাল্টি নেওয়ার জন্য ফাবিয়ান বার্থেজের দিকে যখন হেঁটে যাচ্ছিলেন, তখন আসলে আপনার ভাবনাটা কী ছিল?

পিরলো: পেনাল্টিটি কিভাবে নিব, কিভাবে নিলে সেটি গোল হবে, এই ব্যাপারেই ছিল আমার সমস্ত মনোযোগ। গোলটি হওয়ার পর কী স্বস্তি যে লাগল! বিরাট এক বোঝা যেন সরে গেল আমার উপর থেকে। বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি নেওয়াটা আসলেই খুব চাপের।

প্রশ্ন: পেনাল্টি নেওয়ার সময় স্নায়ুকে বশে রাখাটা জরুরি। আগে একবার বলেছিলেন যে, আপনি স্নায়ুচাপে ভোগেন না। এটি কি আপনার সহজাত ক্ষমতা?

পিরলো: সৌভাগ্যবশত তাই। আমি চারপাশের পরিস্থিতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে শান্ত থাকতে পারি।

প্রশ্ন: ২০০৬ সালের আন্দ্রেয়া পিরলোর সঙ্গে ২০১৪-র আন্দ্রেয়া পিরলোর মানসিকতার পার্থক্য কী?

পিরলো: মানসিকতাটা একদমই আগের মতো আছে। এখনো আমার ভেতর জয়ের তীব্র তাড়নাটা আছে, সেজন্য নিজের সবটুকু নিংড়ে দেওয়ার ইচ্ছেটাও। মাঝে অনেকগুলো বছর চলে গেল। কিন্তু ভালো করার সেই ইচ্ছেটা একটুও বদলায়নি।

প্রশ্ন: ‘আই থিঙ্ক দেয়ারফোর আই প্লে’ নামের যে আত্মজীবনী লিখেছেন, সেখানে ১৯৯০ বিশ্বকাপের উল্লেখ আছে। ওই টুর্নামেন্টের কোন স্মৃতিটা মনে আছে?

পিরলো: অভিভাবক ও ভাইয়ের সঙ্গে ঘরের টেলিভিশনে বসে খেলা দেখার কথা মনে আছে। মনে আছে ইতালির ম্যাচগুলোতে আমাদের সবার নার্ভাস থাকার ব্যাপারটিও। সেবার বিশ্বকাপ হয়েছিল আমাদের দেশে। একটি খেলাও তাই কেউ মিস করতে চাইতাম না।

প্রশ্ন: ওই আসরেই সালভাতোরে স্কিল্লাচি সাত ম্যাচে করেছিলেন ৬ গোল। তাঁর ওই বিখ্যাত ফিনিশগুলো কি আপনার মনে আছে?

পিরলো : ভালোই মনে আছে। তখন আমার বয়স ছিল ১০ কী ১১ বছর। আমাদের জন্য সেটি ছিল দুর্দান্ত এ গ্রীষ্ম। শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করছিলাম যে, ইতালি বিশ্বকাপ জিতবে। দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি। সেমি-ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে আমাদের ট্রফি জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়।

প্রশ্ন: এরপর তো নিজে বিশ্বকাপ খেলেছেন। একজন ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলার অনুভূতিটা কিভাবে বর্ণনা করবেন?

পিরলো: আমি মনে করি, একজন ফুটবলারের জন্য বিশ্বকাপ খেলাটা সর্বোচ্চ অর্জন। প্রত্যেকে যখন ছোট থাকে আর স্বপ্ন দেখে বড় হয়ে ফুটবলার হওয়ার, তখন সবচেয়ে মধুর যে আশা সবাই করে, সেটি হল বিশ্বকাপে খেলা। আমি খুব সৌভাগ্যবান যে, সত্যি সত্যি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি। আশা করছি, ব্রাজিলে সেই অভিজ্ঞতা আবার হবে।