২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোকে হারিয়ে আত্মবিশ্বাসী বসনিয়া

ব্রাজিলের উদ্দেশে উড়াল দেওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচেও জিতেছে এই বিশ্বকাপের একমাত্র নতুন দল বসনিয়া-হার্জেগোভিনা। মেক্সিকোকে একমাত্র গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 12:41 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

গত শনিবার আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বসনিয়া। আর মেস্কিকো গত রোববার ইকুয়েডরকে হারিয়েছিল ৩-১ গোলে।

মঙ্গলবার ম্যাচের ৪১তম মিনিটে বসনিয়ার পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন গালাতাসারাইয়ের মিডফিল্ডার ইজেত হাইরোভিচ।

দুটি দলই বিশ্বকাপের মূল পর্বে থাকায় মঙ্গলবার ৬০ হাজার ৭০৭ জন দর্শকে ঠাসা যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ড স্টেডিয়ামের ম্যাচটি ঘিরে দর্শকদের ছিল বাড়তি আগ্রহ।

তবে এই ম্যাচে সেরা দুই খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে মেক্সিকো। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পাওয়া মিডফিল্ডার লুইস মন্তেস ও ডিফেন্ডার রাফায়েল মার্কেস খেলেননি।  

ম্যাচটি জিততে পেরে খুশি বসনিয়ার তারকা ফুটবলার এদিন জেকো। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার বলেন, “এটা আমাদের জন্য ভালো একটা জয়। এখন আমার মনে হচ্ছে বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত।”  

১৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বসনিয়া। ‘এফ’ গ্রুপের অন্য দুই দল ইরান ও নাইজেরিয়া।

আর ১৩ জুন ক্যামেরুনের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মেক্সিকো। ‘এ’ গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ব্রাজিল ও ক্রোয়েশিয়া।