২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের জয়

ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। অবশ্য ঘরের মাঠে তাদের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 12:27 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

মঙ্গলবার সুইজারল্যান্ডের নতুন স্টেডিয়াম ‘সুইসপোরারেনা’য় স্বাগতিকরা কয়েকটা সুযোগ তৈরি করলেও গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৭৮ মিনিট। অবশেষে স্টেফান লিখ্টস্টাইনারের দারুণ এক হেডে এগিয়ে যায় সুইসরা।

প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে সুইস আক্রমণভাগের খেলোয়াড়েরা বারবার ছন্দ হারিয়ে ফেলতে থাকলেও একজন ছিলেন ব্যতিক্রম, জার্মানির ক্লাব ভলফসবুর্গের লেফট-ব্যাক রিকার্দো রদ্রিগেস। বাঁ-দিক থেকে দেয়া তার ক্রস থেকেই ওই গোলটি করেন জুভেন্টাসের ডিফেন্ডার স্টেফান।

প্রথম গোলের পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জেরদান শাচিরি। প্রতিপক্ষের গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

১৫ জুন ব্রাজিলিয়ায় ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সুইজারল্যান্ড। ‘ই’ গ্রুপের অন্য দুই দল ফ্রান্স ও হন্ডুরাস।