২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের জয়ে নেইমার ঝলক

নিজের দেশে বিশ্বকাপে দ্যুতি ছড়ানোর ইঙ্গিত দিয়ে রাখলেন ব্রাজিল তারকা নেইমার। বার্সেলোনার এই ফরোয়ার্ডের দারুণ নৈপুণ্যে প্রীতি ম্যাচে সহজেই পানামাকে ৪-০ হারিয়েছে বিশ্বকাপ ফুটবলের স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 09:27 AM

Updated : 13 Oct 2022, 12:10 PM

গোলের সূচনা করা ছাড়াও আরো ২টি গোলে অবদান রেখেছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার।

ব্রাজিলের গইয়ানিয়ায় মঙ্গলবার ম্যাচের ২৭তম মিনিটে ২০ মিটার দূর থেকে দর্শনীয় ফ্রি কিকে দলকে এগিয়ে দেন নেইমার। ১৩ মিনিট বাদেই তার বার্সেলোনা সতীর্থ দানি আলভেস বক্সে ঠিক বাইরে থেকে ডান পায়ের নীচু শটে ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরপরই নেইমারের দারুণ ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন হাল্ক। পেনাল্টি সীমানার ভেতর থেকে বদলি হিসেবে নামা উইলিয়ানের করা শেষ গোলটিও নেইমামোরের ভালো খেলার ফসল।

নেইমারের গোলটি না হওয়া পর্যন্ত পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভালোভাবেই ঠেকিয়ে রেখেছিল পানামা। দর্শকরারও তখন অধৈর্য হতে শুরু করেছিলেন। তবে ফ্রি কিক থেকে দর্শনীয় ওই গোলটির পরই স্বরূপে ফেরে স্বাগতিকরা।

ম্যাচ শেষে নেইমার তাই সমর্থকদের আরেকটু সহিষ্ণু হতে বললেন।

“শুরুর পর দুয়ো ধ্বনি শুনেছি। আমরা চাই, সমর্থকরা যেন আরেকটু সহিষ্ণু হয়।”

অবশ্য প্রথম গোলের পর প্রতিবার নেইমারের পায়ে বল গেলেই স্টেডিয়ামজুড়ে ওঠে তুমুল হর্ষধ্বনি, যা সাধারণত কেবল শোনা যায় কোনো কনসার্টেই।

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে প্রস্তুতিটা ভালোই হচ্ছে ব্রাজিলের। গত আট ম্যাচের সবকটিতেই জিতেছে কোচ লুইস ফেলিপে স্কলারির দল। আর স্কলারি ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর ২১ ম্যাচে এটি ১৫তম জয়।

আগামী শুক্রবার সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচটি খেলবে নেইমাররা।

১২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে ব্রাজিলের। ‘এ’ গ্রুপে তার প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।