২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্তাদিও বেইরা-রিও, পোর্তো আলেগ্রে

রোনালদিনিয়ো, ফ্যালকাও, রেনাতো, পাতো আর এমারসনদের ফুটবল যাত্রার আতুরঘর পোর্তো আলেগ্রে। ব্রাজিলের দক্ষিণের এই শহরটির ফুটবল ঐতিহ্য এ দিয়েই অনুমান করা যায়। ব্রাজিলের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা দুই ক্লাব গ্রেমিও আর ইন্তারনাসিওনালও এই শহরের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 08:15 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

শুধু ফুটবলেই নয়, পোর্তো নদী আর বনানীর শহর পোর্তো আলেগ্রে সংস্কৃতির দিক থেকেও অনেক সমৃদ্ধ। গুইয়াবা নদীর তীরে অবস্থিত এই শহর ব্রাজিলের লোক-সঙ্গীতের ভাণ্ডারকে পূর্ণ করেছে।

ফুটবল আর সাংস্কৃতিক দিক দিয়ে সমৃদ্ধ এই শহরে বাড়তি আলো ছড়াচ্ছে ২০১৪ বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে রোনালদিনিয়ো নেই, তবে তার শহরে বিশ্বকাপ ম্যাচ হবে পাঁচটি।

গ্রুপ পর্বের ৪টি আর দ্বিতীয় পর্বের একটি, ৫টি ম্যাচই হবে রোনালদিনিয়োর প্রথম ক্লাব গ্রেমিওর চিরপ্রতিদ্বন্দ্বী ইন্তারনাসিওনালের মাঠে। স্তাদিও জোসে পিনেইরো বোর্দা নামে ১৯৬৯ সালে নির্মিত এই স্টেডিয়ামের নাম বদলে এখন স্তাদিও বেইরা-রিও।

৪৮ হাজার ৮৪৯ আসনের বেইরা-রিও দক্ষিণ ব্রাজিলের সবচেয়ে বড় স্টেডিয়াম। গ্রেমিও আর ইন্তারনাসিওনালের বহু দ্বৈরথের সাক্ষী এই স্টেডিয়াম ২০১৪ বিশ্বকাপে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকে পাচ্ছে। আর্জেন্টিনা গ্রুপ পর্বে নাইজেরিয়ার মুখোমুখি হবে এখানেই। আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের গ্রুপ পর্বের একটি ম্যাচে মুখোমুখি হবে হন্ডুরাসের।

এ ছাড়া গত বিশ্বকাপের রানার্সআপ নেদার‌ল্যান্ডস অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে এ স্টেডিয়ামে।

এক নজরে:

ধারণক্ষমতা:  ৪৮ হাজার ৮৪৯

নির্মাণ: ১৯৬৯ (পুনর্নির্মাণ শেষ ২০১৪ সালে)

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা: ৪৭ মিটার (১৫৪ ফুট)

জলবায়ু: জুন-জুলাই মাসে পোর্তো আলেগ্রের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। 

অবস্থান: আয়োজক শহরগুলোর মধ্যে ব্রাজিলের সবচেয়ে দক্ষিণে অবস্থিত।

ম্যাচ:  গ্রুপ পর্বের ৪টি ও দ্বিতীয় পর্বের একটি।