Published : 24 Jun 2026, 01:41 PM
হ্যাটট্রিক দিয়ে আসর শুরু করলেন লিওনেল মেসি। সবার চোখ চলে গেল পর্তুগাল ম্যাচে, কীভাবে ‘জবাব’ দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো? ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশ করলেন তিনি। পরের ম্যাচে জোড়া গোল করলেন আর্জেন্টিনা অধিনায়ক। এবার উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করলেন পর্তুগাল অধিনায়ক। অভিজ্ঞ কোচ রবের্তো মার্তিনেস মনে করেন, দুই মহাতারকার দ্বৈরথ এভাবেই তাদের এগিয়ে যেতে সাহায্য করে।
হিউস্টনে মঙ্গলবার ‘কে’ গ্রুপের ম্যাচে উজেবকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে পর্তুগাল।
এই ম্যাচ মূলত স্বস্তি হয়ে এসেছে মার্তিনেসের দলের জন্য। আসরে প্রথম জয়ের দেখা মিলেছে। বড় আসরে টানা ১০ ম্যাচের গোল খরা ঘুচিয়ে জালের দেখা পেয়েছেন রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে ছয় আসরে গোল করেছেন তিনি। ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক করেন মেসি। পরের ম্যাচে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি।
বিশ্ব আসরে মেসির গোল ১৮টি, রোনালদোর ১০টি। পর্তুগাল কোচ মার্তিনেস মনে করেন, নিজেদের মধ্যে লড়াই তাদের সেরাটা বের করে আনার জ্বালানি হিসেবে কাজ করে।
“আমার বিশ্বাস, এই দুই খেলোয়াড় ফুটবলের উন্নতি করেছে আর নিজেদের এগিয়ে যাওয়ার জন্য তাদের দ্বৈরথ গুরুত্বপূর্ণ।”
“রোনালদো জাতীয় দলের জন্য একজন আইকন ও রোল মডেল। মাঠে ও ড্রেসিং রুমে তার আচরণ দারুণ। শুধু গোল করা নয়, পাস, সুযোগ তৈরি এসব নিয়ে বিশ্বকাপে সে একজন রোল মডেল।”
চার পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপে দুই নম্বরে রয়েছে পর্তুগাল। টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে মুখোমুখি হবে এই দুই দল।