২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর বিপক্ষে হেরেও আশা দেখছেন দ. আফ্রিকা কোচ

হুগো ব্রুশ মনে করছেন, তারা ভালো ম‍্যাচ খেলেছেন, তবে তার দলের রক্ষণে ভালো পারফরম‍্যান্সের প্রতিফলন নেই স্কোরলাইনে।

মেক্সিকোর বিপক্ষে হেরেও আশা দেখছেন দ. আফ্রিকা কোচ
দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুশ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2026, 12:54 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুশ মনে করছেন, উদ্বোধনী ম‍্যাচের হার থেকে আত্মবিশ্বাসী হতে পারে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে টিকে থাকতে রক্ষণ সুসংগঠিত থাকার পাশাপাশি আক্রমণে উন্নতির তাগিদ দিয়েছেন তিনি।

মেক্সিকো সিটির আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে দক্ষিণ আফ্রিকা। হুলিয়ান কিনোনেস শুরুতে মেক্সিকোকে এগিয়ে নেওয়ার পর, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রাউল হিমেনেস।   

ব্রুশ মনে করেন, বিশ্বকাপের সহ-আয়োজকদের বিপক্ষে ৮০ হাজার দর্শকের সামনে ওই হারে দলের রক্ষণের পারফরম‍্যান্স পুরোপুরি ফুটে ওঠেনি। 

“আমরা বিশ্বকাপে খেলছি, খুব ভালো একটি দলের বিপক্ষে খেলেছি, তবে আমরা একটি ভালো ম‍্যাচ খেলেছি।”

“মরিয়া এক মেক্সিকোকে দেখেছি আমি, যারা জানত না বল পায়ে কি করতে হবে। আমাদের দল রক্ষণের দিক নিখুঁতভাবে সুসংগঠিত ছিল।”

গোলের তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে, নক আউট পর্বে খেলতে হলে আক্রমণে উন্নতির তাগিদ দিলেন ব্রুশ।

“আক্রমণভাগের দিক থেকে আমি মনে করি, আমাদের উন্নতি করতে হবে। যদি আমরা আক্রমণে আরেকটু ভালো করে এই খেলাটাই খেলি, আমি নিশ্চিত আমরা ভালো ফল পাব।” 

ম‍্যাচে লাল কার্ড দেখেন দুই দলের তিন খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকা ম‍্যাচ শেষ করে নয় খেলোয়াড় নিয়ে, মেক্সিকো শেষ করে ১০ খেলোয়াড় নিয়ে। 

লাল কার্ডগুলো নিয়ে খুব একটা আপত্তির কিছু দেখেন না ব্রুশ। রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন বেলজিয়ান কোচ। কার্ডের জন‍্য দুই খেলোয়াড়কে হারানোর আক্ষেপ নিয়ে এবার চেকিয়ার বিপক্ষে পরের ম‍্যাচে মনোযোগ দিতে চান তিনি। 

নিজেদের প্রথম ম‍্যাচে হেরেছে ইউরোপের দল চেকিয়াও। তাদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার লড়াই হবে আগামী বৃহস্পতিবার, আটলান্টায়।