Published : 28 Jun 2026, 04:25 PM
সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে রুখে দিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া কেইপ ভার্ড এখন আলোচনার কেন্দ্রে। এবারের বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে চলা দলটি শেষ বত্রিশে লড়বে আর্জেন্টিনার বিপক্ষে। বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে মুখিয়ে আছে দলের সবাই, বললেন কেইপ ভার্ডের গোলরক্ষক ভজিনিয়া।
লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে একরকম হুঙ্কারও ছুঁড়লেন তিনি। বিশ্ব আসরে তিন ম্যাচের দুটিতে কোনো গোল হজম না করা ভজিনিয়ার কাছে, তার সতীর্থরা একেকজন যোদ্ধা। বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য প্রমাণ করেছে কেইপ ভার্ড, বিশ্বাস করেন তিনি।
শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা কেইপ ভার্ড। সেদিন ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে স্পেনের বিপক্ষে উরুগুয়ের পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে পরের ধাপে উঠে আফ্রিকার দলটি।
আটলান্টিক মহাসাগরের ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত ছোট্ট দেশটি কেইপ ভার্ড। জনসংখ্যা প্রায় ৫ লক্ষ। বিশ্বকাপ নকআউট পর্বে ওঠা ইতিহাসের ক্ষুদ্রতম দেশ তারা।
আসর জুড়েই বিস্ময় জাগানো পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপ খেলতে আসা কেইপ ভার্ড। বিশ্ব মঞ্চে অভিষেক ম্যাচেই অবাক করে দেয় তারা সবাইকে। আসরের ফেভারিটদের একটি স্পেন, যারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের বিপক্ষে করে গোলশূন্য ড্র!
ওই ম্যাচে স্পেনের আক্রমণের ঝড়ের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ৪০ বছর বয়সী ভজিনিয়া। দুর্দান্ত পারফরম্যান্সে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
এরপর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ২-২ ড্র করে নিজের সামর্থ্যের প্রমাণ আরও একবার দেয় কেইপ ভার্ড। আর শেষ গ্রুপ ম্যাচে সৌদি আরবকে রুখে দিয়ে তো ইতিহাসই গড়ে ফেলে তারা।
ম্যাচটি শেষে ভজিনিয়া গর্বভরা কন্ঠে বলেন, বিশ্বকাপে সবার চোখে চোখ রেখে লড়াই করতে এসেছেন তারা।
“জানি, আমরা ছোট একটি দেশ থেকে এসেছি। তবে আমরা এটাও জানি, এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।”
“আমাদের জাতীয় দলে অনেক মানসম্মত খেলোয়াড় আছে। হয়তো আপনাদের অনেকে ভাবছেন, কেপ ভার্ডের খেলোয়াড়রা যথেষ্ট ভালো না। তবে আমরা এখানে প্রমাণ করতে এসেছি যে আমাদের সত্যিকারের সামর্থ্য আছে এবং আমরা লড়াই করতেই এসেছি। আমাদের খেলোয়াড়রা যেকোনো জায়গায় খেলতে পারে- বড় প্রতিযোগিতা কিংবা বিশ্বের সেরা লিগগুলোতে।”
দেশ হিসেবে ছোট হলেও, হৃদয়ের দিকে নিজেদেরকে বিশাল মনে করেন ভজিনিয়া। দলের সবাইকে একেকজন লড়াকু সৈনিক মনে হয় তার কাছে।
“আমার মনে হয়, আমরা কেইপ ভার্ডের মানুষের দৃঢ়তা দেখাতে পেরেছি। দেশের প্রতি নিজেদের আবেগ ফুটিয়ে তুলতে পেরেছি। আমরা এটা দেখিয়েছি যে, শুধু খেলোয়াড় হিসেবে নয়, কেইপ ভার্ডের সব মানুষের প্রতিনিধিত্ব করতে আমরা এখানে এসেছি।”
“হয়তো আমরা দেশ হিসেবে অনেক ছোট, কিন্তু আমাদের হৃদয়টা অনেক বড় এবং আমরা যোদ্ধা, সত্যিকারের যোদ্ধা।”
বিশ্বকাপ শুরুর আগে কেইপ ভার্ড নিয়ে বাজি ধরার মতো লোক খুঁজে পাওয়া ছিল দুষ্কর। গ্রুপে তাদেরকে মনে করা হচ্ছিল সবচেয়ে দুর্বল। পরের ধাপে ওঠার জন্য ফেভারিট ভাবা হয়েছিল স্পেন ও উরুগুয়েকে। কিন্তু সবার সমীকরণ ওলটপালট করে দেয় কেইপ ভার্ড।
ভজিনিয়াও যেমন বললেন, তাদের কল্পনাতেও ছিল না এমন কিছু।
“আমার মনে হয় না, এমন কিছুর স্বপ্ন আমাদের কেউ দেখেছে। যদিও আমরা জানতাম, আমাদের দল যথেষ্ট মানসম্পন্ন।”
আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেইপ ভার্ড। মায়ামিতে হবে ম্যাচটি, যেটাকে এখন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ঘরের মাঠ বলা যায়। সেখানে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়তে উন্মুখ হতে আছেন ভজিনিয়া।
“পরের রাউন্ডে ওঠা আমাদের জন্য অবিশ্বাস্য এক অর্জন। আর যেকোনো ফুটবলারের জন্য আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে খেলা একটি স্বপ্ন।”