২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 14 Jun 2026, 09:39 AM
ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে উত্তর আমেরিকা আসর শুরু করা ব্রাজিল নিজেদের মেলে ধরতে পারেনি মরক্কোর বিপক্ষে। মাঝেমাঝে ঝলক দেখালেও বেশিরভাগ সময়ই লাতিন আমেরিকার দলটি ছিল নিষ্প্রভ। টুর্নামেন্টে এগিয়ে যেতে তাই উন্নতির ডাক দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচটিতে ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর, দারুণ নৈপুণ্যে সমতা টানেন ভিনিসিউস জুনিয়র।
ম্যাচ শেষে আনচেলত্তি স্বীকার করে নিলেন, মরক্কোর বিপক্ষে নিজেদের ফুটবলটা খেলতে পারেনি তার দল।
“আমি মনে করি না, আমরা ম্যাচটা ভালোভাবে শুরু করতে পেরেছিলাম। দল কিছুটা স্নায়ু চাপে ভুগছিল। আমরা বারবার বল হারিয়েছি এবং অনেক চ্যালেঞ্জেও হেরেছিল। প্রথমার্ধ ভালো ছিল না।”
“দ্বিতীয়ার্ধে উন্নতি করেছি। এটা কঠিন ম্যাচ ছিল, কারণ মরক্কো একটি ভালো দল। আমার মনে হয়, স্নায়ুচাপ কিছুটা ভূমিকা রেখেছে। প্রথমার্ধে ওরা আমাদের আক্রমণ সামলে ওরা আক্রমণে গেছে এবং বিপজ্জনক প্রতি-আক্রমণ করেছে।”
বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে পরের ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। ওই দিনই ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে মরক্কো।