১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ব্রাজিল ম্যাচের মতো খেললে যেকোনো কিছু সম্ভব’

নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়ার অভিজ্ঞ ফরোয়ার্ড ইভান পেরিসিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 04:21 PM

Updated : 13 Dec 2022, 05:11 PM

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, টুর্নামেন্টের শীর্ষ ফেভারিট ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে ক্রোয়েশিয়ার। শেষ চারে তাদের অপেক্ষায় আরেক সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ নিয়ে একদমই ভাবছেন না ইভান পেরিসিচ। ক্রোয়াট ফরোয়ার্ডের বিশ্বাস, ব্রাজিল ম্যাচের মতো খেললে এই বাধাও পেরিয়ে যাবেন তারা। 

কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার মেসি-দি মারিয়াদের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে মাঠের দ্বৈরথ। এনিয়ে টানা দুইবার ফাইনাল খেলার হাতছানি ক্রোয়েশিয়ার সামনে। 

এবারের আসরের শুরুটা প্রত্যাশা মতোই হয়েছিল ব্রাজিলের। টানা দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলে তারা। সেখানে ক্রোয়েশিয়ার অপেক্ষা করতে হয় গ্রুপের শেষ রাউন্ড পর্যন্ত। 

নকআউট পর্বের প্রথম ধাপে ব্রাজিল উড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে। এশিয়ার আরেক দল জাপানের বিপক্ষে জিততে বেশ পেতে হয় ক্রোয়াটদের। টাইব্রেকারে গড়ানো ম্যাচে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা। 

শেষ আটে ছন্দে থাকা নেইমার-রিশার্লিসনদের বিপক্ষে হারতে বসেছিল ক্রোয়েশিয়া। ৯০ মিনিট প্রতিপক্ষকে আটকে রাখলেও অতিরিক্ত সময়ে নেইমারের দারুণ গোলে এগিয়ে যায় লাতিন আমেরিকার দলটি। বিদায় ঘণ্টা বাজার কয়েক মিনিট আগে ঘুরে দাঁড়ায় ক্রোয়াটরা। ব্রুনো পেতকভিচের গোলে সমতা টানে তারা। পরে পেনাল্টি শুটআউটে হারিয়ে দেয় ব্রাজিলকে। 

সেমি-ফাইনালে আরেক লাতিন আমেরিকার দলের চ্যালেঞ্জ ক্রোয়েশিয়ার সামনে। লড়াইয়ের আগের দিন পেরিসিচ বললেন, ব্রাজিল ম্যাচের মতো খেলতে পারলে যেকোনো কিছু সম্ভব। 

“সেমি-ফাইনালে পৌঁছানো অসাধারণ এক অনুভূতি। তবে ফুটবলার হিসেবে আমরা ফাইনাল খেলতে চাই। এর জন্য সম্ভব সবকিছু করব আমরা।” 

২০১৮ সালে রাশিয়া আসরে সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ২-১ গোলে ইংলিশদের হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। তবে চ্যালেঞ্জটি এবার একটু বেশিই মনে হচ্ছে পেরিসিচের কাছে। 

“আর্জেন্টিনা দারুণ একটি দল। মাঠে গিয়ে রক্ষণ ও আক্রমণে প্রথম মিনিট থেকে নব্বই পর্যন্ত সম্ভাব্য সেরাটা খেলতে হবে কারণ এটি অপরিহার্য।”