২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে ইংল্যান্ড-সেনেগালের প্রথম লড়াই

২০ বছর পর নকআউট পর্বে খেলছে সেনেগাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2022, 11:03 PM

Updated : 02 Dec 2022, 11:03 PM

‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড অপরাজিত থেকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। ২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলা দলটি এবারের আসর শুরু করেছিল ইরানের বিপক্ষে ৬-২ গোলে জয় দিয়ে। কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের বাধা সেনেগাল। ২০ বছর পর নকআউট পর্বের টিকেট পেয়েছে আফ্রিকার দেশটি।

আল খোরের আল বাইত স্টেডিয়ামে আগামী রোববার মুখোমুখি হবে ইংল্যান্ড ও সেনেগাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এবারই প্রথম মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটির আগে দেখে নেওয়া যাক তাদের আরও কিছু পরিসংখ্যান। 

* ‘বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ওয়েলসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড। সেই সঙ্গে ব্রাজিল, জার্মানি, ইতালি, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেনের পর সপ্তম দল হিসেবে বিশ্বকাপে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে ১৯৬৬ আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা।

* এবারসহ দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে উঠেছে সেনেগাল। এর আগে দলটি শেষ ষোলোয় খেলেছিল ২০০২ আসরে। সেবার দলটির অধিনায়ক ছিলেন এখনকার কোচ আলিয়ু সিসে।

* এখন পর্যন্ত ২১ বার আফ্রিকান দলের বিপক্ষে খেলেছে ইংল্যান্ড। বিশ্বকাপে এই অঞ্চলের দলের বিপক্ষে তিনটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে ইংলিশরা।

* এবারই প্রথম একে অন্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড ও সেনেগাল।