১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

জার্মানিকেও গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য স্পেন কোচের

কোস্টা রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2022, 02:17 PM

Updated : 24 Nov 2022, 02:17 PM

রেকর্ড গড়া জয়ে আসর শুরু- স্বাভাবিকভাবেই দলের খেলায় মুগ্ধ স্পেন কোচ লুইস এনরিকে। কোস্টা রিকাকে স্রেফ উড়িয়ে দেওয়া সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এখন শক্তিশালী জার্মানির অপেক্ষায়। চারবারের শিরোপাজয়ীদের বিপক্ষেও একই লক্ষ্য নিতে মাঠে নামার কথা বললেন এনরিকে।

দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে স্পেন অসাধারণ এক জয় নিয়ে। ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টা রিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে পেয়েছে নিজেদের সবচেয়ে বড় জয়। আগের সেরা ছিল ১৯৯৮ সালে, বুলগেরিয়ার বিপক্ষে জিতেছিল তারা ৬-১ ব্যবধানে।

কোস্টা রিকার বিপক্ষে এদিন দলকে একাদশ মিনিটে এগিয়ে নেন দানি ওলমো। ওই গোলের মধ্য দিয়ে ষষ্ঠ দল হিসেবে বিশ্বকাপে একশ গোল করার কীর্তি গড়ে স্পেন। এই তালিকায় বাকিরা হলো জার্মানি, ব্রাজিল, ইতালি, আর্জেন্টিনা ও ফ্রান্স।

একের পর এক প্রতিপক্ষকে আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে স্পেন। যার সুবাদে আসতে থাকে একের পর এক গোল। একটি করে গোল করেন ওলমো, মার্কো আসেনসিও, গাভি, কার্লোস সলের, আলভারো মোরাতা। জোড়া গোল করেন ফেররান তরেস। এর বিপরীতে গোলের জন্য একটি শটও নিতে পারেনি কোস্টা রিকা।

দলের এমন পারফরম্যান্সে তৃপ্ত এনরিকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, সব বিভাগেই কোস্টা রিকার সঙ্গে নিখুঁত খেলেছে তার দল। প্রশংসায় ভাসালেন তিনি শিষ্যদের।

“যখন এমন কিছু ঘটে, ফুটবল হয়ে ওঠে অসাধারণ এক খেলা। বলে নিয়ন্ত্রণ এবং ফিনিশিংয়ে আমরা দারুণ ছিলাম, বছরের পর বছর ধরে জাতীয় দলে যে দর্শন ছিল। আক্রমণে আমরা ছিলাম চমৎকার। ১৭ জন খেলোয়াড় যারা অংশ নিয়েছে, ভালো খেলেছে।”

“আমরা যত চ্যাম্পিয়নশিপে খেলেছি, এই জাতীয় দলটিই সবচেয়ে বেশি গোল করেছে। ৩০ গোল করার মতো আমাদের তারকা কোনো খেলোয়াড় নেই, তবে আমাদের আছে ফেররান, ওলমো, আসেনসিও, গাভি…গোল করা নিয়ে আমি কখনও চিন্তিত ছিলাম না।”

আগামী রোববার জার্মানির বিপক্ষে লড়াইয়ে নামবে স্পেন। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরে তেত আছে জার্মানরা। প্রতিপক্ষের ওপর যে চেপে বসতে চাইবে তারা, ভালো করেই জানেন এনরিকে। বললেন, হান্স ফ্লিকের দলের বিপক্ষেও মানসিকতা, খেলার ধরন ও লক্ষ্যে কোনো পরিবর্তন আনবেন না তারা।

“অবশ্যই, মাথা দিয়ে কাজ করতে হবে। খেলোয়াড়দের সঙ্গে কাজ করা আমার জন্য অত্যাবশ্যক ছিল যাতে তারা খুব রোমাঞ্চিত হয়ে মাঠে না যায়।”

“এখন আমাদের অন্য কিছু নিয়ে কাজ করতে হবে। তবে আমি বলতে পারি, এই দল শান্ত থাকার নয়। জার্মানি আমাদের হারাতে পারে, কারণ তাদের শক্তি রয়েছে। তবে আমরা একই খেলা খেলব।”