ব্রাদার্সের জালে মোহামেডানের গোল উৎসব
দ্বিতীয়ার্ধে চার গোল করে বড় জয় তুলে নিয়েছে আলফাজ আহমেদের দল।
প্রতিরোধের দেয়ালে চিড় ধরল ২৮তম মিনিটে, এরপর আর সেই দেয়ালে বাধ দিতে পারল না ব্রাদার্স ইউনিয়ন। একের পর এক গোল করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রায় দুই সপ্তাহের বিরতির পর ফের শুরু হওয়া প্রিমিয়ার লিগে বড় জয় তুলে নিল সাদাকালো জার্সিধারীরা।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্সকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় মোহামেডান। জোড়া গোল করেন সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডে। একবার জালের দেখা পান মোজাফ্ফর মোজাফ্ফরভ।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠল মোহামেডান। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া বসুন্ধরা কিংসের সামনে সুযোগ আছে শীর্ষস্থান পুনরুদ্ধারের; দিনের পরের ম্যাচে তারা মুখোমুখি হবে ফর্টিস এফসির।
রক্ষণ জমাট রেখে খেলতে থাকা ব্রাদার্সের দুঃসময়ের শুরু ২৮তম মিনিট থেকে। বক্সের ভেতরে জাফর ইকবাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মোহামেডান। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন দিয়াবাতে।
প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। নিজেদের বক্সের পাশে বলের নিয়ন্ত্রণ হারায় ব্রাদার্স। বল চলে যায় দিয়াবাতের পায়ে। অধিনায়কের পাস ধরে দেখেশুনে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মোজাফ্ফরভ।
৬০তম মিনিটে বক্সের ভেতরে ফাঁকায় থাকা এমানুয়েল সানডের গোলে ম্যাচে নিয়ন্ত্রণ পুরোপুরি মুঠোয় নেয় মোহামেডান। সাত মিনিট পর দারুণ সাইড ভলিতে ব্যবধান আরও বাড়ান এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।
৬৮তম মিনিটে দিয়াবাতের গোলে স্কোরলাইন হয় ৫-০। শেষ দিকে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন নয়ন হোসেন।
চলতি লিগে জয়হীন থাকল ব্রাদার্স। তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলে নিচের দিকে থাকল গোপীবাগের দলটি।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে এগিয়ে গিয়েও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।
এই ড্রয়ে অন্তত পয়েন্টের খাতা খুলতে পেরেছে বন্দরনগরীর দলটি। আগের দুই ম্যাচে তারা হেরেছিল বাংলাদেশ পুলিশ এফসি ও বসুন্ধরা কিংসের বিপক্ষে।
