গ্রিসের মাঠে জার্মানির হোঁচট
নতুন কোচের প্রথম চার ম্যাচের তিনটিতেই জয়হীন রইল জার্মানরা।
জয়ের পথে ফেরার পরের ম্যাচেই আবার ধাক্কা। গ্রিসের বিপক্ষে ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখিয়েও গোলের দেখা পেল না জার্মানি।
গ্রিসে রোববার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের প্রথম চার ম্যাচের তিনটিতেই জয়হীন রইল জার্মানরা।
নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরু করে জার্মানি। পরের ম্যাচে ঘরের মাঠে বিস্ময়করভাবে গ্রিসের কাছে হেরে যায় তারা ১-০ গোলে। এরপর সার্বিয়াকে ২-০ গোলে হারালেও, পরের ম্যাচে ফের দিক হারিয়ে ফেলল চারবারের বিশ্বকাপ জয়ীরা।
এই চার ম্যাচের জন্য আলাদা দুটি দল ঘোষণা করে চমক দিয়েছিলেন ক্লপ। যদিও তাতে ম্যাচে প্রত্যাশিত ফল মিলল না।
চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপে তৃতীয় স্থানে আছে জার্মানি। আসরে গ্রিস এখনও অপরাজিত। দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস।
এ দিন সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে ডাচরা। সার্বরা হেরেছে চার ম্যাচেই।
গ্রিসের বিপক্ষে ৭০ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ২১ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে জার্মানি। স্বাগতিকদের পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল।
প্রথমার্ধে লড়াইটা ছিল একপেশে; কোনো গোল না খেয়ে বিরতিতে যেতে পারাটা গ্রিসের জন্য ছিল স্বস্তিদায়ক। জার্মানি ছিল অনেক বেশি আক্রমণাত্মক। বেশিরভাগ সময় তারা প্রতিপক্ষের অর্ধে আধিপত্য বজায় রেখে খেলে এবং গোলের সেরা সুযোগগুলোও পায় তারাই।
এই সময়ের মধ্যে গোলের জন্য ১৩ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে জার্মানরা, আর তিনটিই ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। এছাড়া তাদের একটি গোল বাতিল হয়ে যায় ভিএআর পর্যালোচনায় হ্যান্ডবলের কারণে।
গ্রিস প্রথমার্ধে তাদের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি পায় ম্যাচের প্রথম মিনিটে। মাসোরাসের হেড রুখে দেন গোলরক্ষক ইয়োনাস উরবিগ।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে লেনার্ট কার্লের শট ঠেকান গ্রিসের গোলরক্ষক। বাকি সময়ে আর একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি সফরকারীরা। বরং এই সময়ে কয়েকবার তাদের রক্ষণে ভীতি ছড়ায় গ্রিস।
আরও পড়ুন:
