বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে ভালো জায়গায় দেখছেন কেইন
জার্মানির বিপক্ষে দলের হার না মানা মানসিকতায় আত্মবিশ্বাস পাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক।
বছরের শুরুর দিকেও ইংল্যান্ডকে ধরা হচ্ছিল কাতার বিশ্বকাপের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে। খানিকটা সময় গড়াতেই মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করে তারা। নেশন্স লিগে জয়শূন্য দলটিকে নেমে যেতে হয়েছে পরের স্তরে। টানা ব্যর্থতায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। তবুও দলকে ভালো অবস্থানেই দেখছেন হ্যারি কেইন। জার্মানির বিপক্ষে সবশেষ ম্যাচে সতীর্থদের হার না মানা মানসিকতায় আত্মবিশ্বাস পাচ্ছেন ইংলিশ অধিনায়ক।
নেশন্স লিগে সোমবার রাতে জার্মানির বিপক্ষেও হারের শঙ্কায় পড়েছিল ইংল্যান্ড। মাড়ম্যাড়ে প্রথমার্ধের পর ১৫ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে তারা। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি; ১২ মিনিটের মধ্যে তিন গোল করে জয়ের সম্ভাবনাও জাগায় তারা। তবে শেষ দিকে কাই হাভার্টজের গোলে ৩-৩ ড্রয়ে ম্যাচ শেষ করে জার্মানি।
হারের শঙ্কা থেকে দারুণ প্রত্যাবর্তনে জয়ের সম্ভাবনাও জাগিয়ে জিততে না পারার হতাশা আছে কেইনের। তবে অভিজ্ঞ এই স্ট্রাইকার আশাবাদী হয়ে উঠছেন দলের হার না মানা মানসিকতায়।
“এই ম্যাচে দলের মনোবল ও লড়াইয়ের মানসিকতা ফুটে উঠেছে।”
“আমরা জিততে পারিনি, তবে আমরা আজ যেমন খেললাম তাতে গর্বিত হতে পারি। আর এই পারফরম্যান্স বিশ্বকাপের আগে আমাদেরকে ভালো অবস্থায় নিয়েছে।”
গত বছরের জুন-জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দারুণ ফুটবল খেলে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। শিরোপা লড়াইয়ে টাইব্রেকারে ইতালির বিপক্ষে হেরে গেলেও নিজেদের শক্তির জানান ঠিকই দিতে পেরেছিল তারা। মন জয় করে নিয়েছিল সমর্থকদের।
ওই আসরের পর বছরের বাকি সময়েও বিশ্বকাপ বাছাইয়ে দাপুটে ফুটবল খেলে সরাসরি কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় ইংল্যান্ড। বাছাইয়ের ১০ ম্যাচে তারা করেছিল ৩৯টি গোল; যার শেষ রাউন্ডে সান ম্যারিনোকে হারিয়েছিল ১০-০ গোলে।
এরপর গত মার্চে দুটি প্রীতি ম্যাচে তারা সুইজারল্যান্ডকে ২-১ ও কোত দি ভোয়াকে ৩-০ গোলে হারায়। এরপরই জুনের আন্তর্জাতিক বিরতিতে পথ হারিয়ে ফেলে তারা।
ওই মাসে নেশন্স লিগে মোট চারটি ম্যাচ খেলে থাকে জয়শূন্য, দুটি করে হার ও ড্র। এর মধ্যে হাঙ্গেরির বিপক্ষে দুবারের দেখাতেই হার; একটি তো ঘরের মাঠে ৪-০ গোলে! ঘুরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে মাঠে নেমে গত শুক্রবার ইতালির বিপক্ষেও হেরে যায় তারা। এতে নিশ্চিত হয়ে যায় প্রতিযোগিতাটির আগামী আসরে তাদের ‘বি’ লিগে নেমে যাওয়া।
২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলার পর সাউথগেটের কোচিংয়েই ৫৫ বছরের খরা কাটিয়ে গত ইউরোয় প্রথম বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলে ইংল্যান্ড। তার হাত ধরে কাতারেও দারুণ কিছু করার আশায় আছে ইংলিশরা।
তবে দলটির সাম্প্রতিক ছন্নছাড়া অবস্থা সে আশায় হেনেছে প্রচণ্ড আঘাত। নেশন্স লিগের প্রথম পাঁচ ম্যাচে ‘ওপেন প্লে’ থেকে একটিও গোল করতে পারেনি তারা। সোমবারের আগে পাঁচ ম্যাচে তাদের একমাত্র গোলটি এসেছিল জার্মানির বিপক্ষেই প্রথম লেগে, পেনাল্টি থেকে করেছিলেন কেইন।
ফিরতি দেখায়ও জার্মানির বিপক্ষে স্পট কিকে জালের দেখা পান কেইন। লুক শ ও ম্যাসন মাউন্টের গোলে সমতায় ফেরার পর ৮৩তম মিনিটে জাতীয় দলের হয়ে ৫১তম গোলটি করেন কেইন। ইংল্যান্ডের রেকর্ড গোলদাতা ওয়েইন রুনিকে ছুঁতে আর ২ গোল চাই টটেননহ্যাম হটস্পারের এই স্ট্রাইকারের।
প্রবল চাপের মুখে দল যেভাবে সাড়া দিয়েছে, সেটাই আশাবাদী করে তুলছে ২৯ বছর বয়সী এই তারকাকে।
“ইংল্যান্ডের জন্য অন্য যত ম্যাচ বা টুর্নামেন্টই খেলা হোক না কেন, মেজর টুর্নামেন্ট সবার থেকে আলাদা। সেখানে চাপ থাকে অনেক এবং লক্ষ্যে থাকতে হয় স্থির। আমার মনে হয়, এসব ক্ষেত্রে আমরা ভালোভাবে সাড়া দেই।”
“আমরা আমাদের খেলাটাকে উপরের ধাপে উন্নীত করেছি, ঠিক যেমন গত দুইটা মেজর টুর্নামেন্টে খেলেছিলাম আমরা।”
বিশ্বকাপের আগে আর খুব বেশি সময় নেই। তাই দ্রুত ঘাটতিগুলো পুষিয়ে নেওয়ার তাগাদাও দিলেন কেইন।
“আমরাই নিজেদের খেলার মান কমিয়েছি এবং আমরা জানি যে আমাদের উন্নতি করতে হবে। কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে খুব বেশি সময় নেই। আমরা ক্লাবে ফিরে যাব এবং আশা করি সামনে সবাই ফিট থাকব, শক্তিশালী ও প্রস্তুত হয়ে নভেম্বরে আবার ফিরব।”
আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। পরদিনই ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু হবে ইংল্যান্ডের। ‘বি’ গ্রুপের অন্য দুই দল যুক্তরাষ্ট্র ও ওয়েলস।
