শেষের নাটকীয়তায় ৬৬ বছর পর শিরোপা জিতল এন্টওয়ার্প
রেসিং হেঙ্কের বিপক্ষে ড্র করে সাড়ে ছয় দশকেরও বেশি সময়ের অপেক্ষা ঘুচিয়েছে বেলজিয়ামের ক্লাবটি।
কী রুদ্ধশ্বাস অপেক্ষা, কী দুর্দান্ত নাটকীয়তা। ৮৮তম মিনিট পর্যন্ত ‘চ্যাম্পিয়ন’ ইউনিয়ন সাঁ জিলোয়াস। ৯১তম মিনিটে পাল্লা হেলে গেল রেসিং হেঙ্কের দিকে! শিরোপা তখন প্রায় তাদের মুঠোয়। কিন্তু নাটকীয়তার তখনও বাকি। ৯৪তম মিনিটে জালে বল পাঠালেন টবি অলডারভেইরেল্ড। ৬৬ বছর পর বেলজিয়াম চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল রয়্যাল এন্টওয়ার্প।
শিরোপা লড়াই জমে উঠেছিল তিন দলের মধ্যে। একে অন্যের ঘাড়ে শ্বাস ফেলছিল এন্টওয়ার্প, হেঙ্ক ও সাঁ জিলোয়াস। শেষ পর্যন্ত হেঙ্কের বিপক্ষে নাটকীয় ড্রয়ে সাড়ে ছয় দশকের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়েছে এন্টওয়ার্প।
বেলজিয়াম প্রো-লিগে রোববার হেঙ্কের বিপক্ষে ২-২ ড্র করে দলটি। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা ফেরান অলডারভেইরেল্ড। এই ডিফেন্ডারের গোলেই মহা মূল্যবান ১ পয়েন্ট পেয়ে যায় এন্টওয়ার্প।
সাঁ জিলোয়াসের অপেক্ষা আরও লম্বা সময়ের। এবার ৮৮ বছর পর লিগ সেরা হওয়ার পথেই ছিল তারা। কিন্তু শেষ পর্যায়ে দিক হারিয়ে ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-১ গোলে হেরে ভেঙেছে স্বপ্ন।
এ ম্যাচও ছিল নাটকীয়তায় ঠাসা। ৪৬তম মিনিটের গোল আগলে রেখে জয়ের পথে দারুণভাবে ছুটছিল সাঁ জিলোয়াস। ৮৮তম মিনিট পর্যন্ত মনে হচ্ছিল, শিরোপা যাচ্ছে তাদের ঘরেই। কিন্তু ৮৯তম মিনিটে গোল হজমের পর যোগ করা সময়ে আরও দুই গোল খেয়ে হেরেই যায় দলটি।
৪৭ পয়েন্ট নিয়ে আসর শেষ করা এন্টওয়ার্প চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল। ইউরোপ সেরার আসরে প্রথমবার তারা খেলেছিল ১৯৫৭-৫৮ মৌসুমে, সেসময়কার ইউরোপিয়ান কাপের প্রথম রাউন্ডে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল তারা।
