শিরোপায় চোখ রেখে লড়বে মেয়েরা, আশা বাংলাদেশ কোচের
শিষ্যদের টেকনিক্যাল ও ফিটনেসের মান ভালো থাকায় আশাবাদী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।
দেশে থাকতে বলেছিলেন ম্যাচ বাই ম্যাচ ভাবার কথা। নেপালে এসে প্রত্যাশার পরিধি বেড়ে গেল বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনের। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগের দিন দলের কাছে নিজের চাওয়াটা জানিয়ে দিলেন তিনি।
নেপালের কাঠমান্ডুতে মঙ্গলবার মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর। এবার অংশ নেওয়া সাত দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সোমবার। সেখানে ছোটন বলেন, এবারের আসর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে হচ্ছে তার।
“সূচি ঘোষণার পর থেকেই আমরা প্রস্তুতি নিতে শুরু করি। কঠোর অনুশীলন করেছি। টুর্নামেন্টের আগে আমরা সর্বশেষ ছয় সপ্তাহেরও বেশি সময় নিয়ে অনুশীলন করেছি। আমার মতে, মেয়েরা এখন বেশ ভালো অবস্থায় রয়েছে। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার জন্য দল এখন সম্পূর্ণ প্রস্তুত।”
“প্রথম ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ম্যাচটি বেশ রোমাঞ্চকর হবে, কারণ সাফ চ্যাম্পিয়নশিপে সব সিনিয়র খেলোয়াড়রাই খেলে থাকে।”
আগামী বুধবার মালদ্বীপ ম্যাচ দিয়ে এবারের অভিযান শুরু হবে সাবিনাদের।
বয়সভিত্তিক পর্যায়ে সাফল্য পেলেও সাফের শিরোপা আজও বাংলাদেশের কাছে অধরা। তবে টেকনিক্যাল ও ফিটনেসে মেয়েদের ভালো উন্নতিতে আশাবাদী হয়ে উঠছেন ছোটন।
“মেয়েরা ধীরে ধীরে উন্নতি করছে। ইতোমধ্যে বয়সভিত্তিক ফুটবলে তারা কয়েকটি শিরোপাও জয় করেছে। আশা করি এই টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তারা খেলবে। দলের টেকনিক্যাল ও ফিটনেস লেভেল বেশ ভালো। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যাওয়া। এভাবেই আমরা ফাইনালে পৌঁছাতে চাই।”
সবশেষ ২০১৯ সালে নেপাল থেকে খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। বিরাটনগরে হওয়া সেই আসরে স্বাগতিকদের কাছে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল দল। ছোটনের বিশ্বাস, কাঠমান্ডুতে এবার মেয়েরা খেলবে পরিণত ফুটবল।
“বিরাটনগর সাফের সব খেলোয়াড়ই ছিল অনূর্ধ্ব-১৭ দলের। ইতোমধ্যে তিন বছর পার হয়ে গেছে। এরই মধ্যে তারা অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ফলে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা অর্জন করেছে। সেই সঙ্গে ধীরে ধীরে অনেক উন্নতি করেছে। আমি মনে করি, বিরাটনগর টুর্নামেন্টের তুলনায় দল এখন ফিজিক্যালি ও ট্যাকনিক্যালি অনেকটাই পরিণত। আশা করি, এই টুর্নামেন্টে তারা সমর্থকদের প্রত্যাশা অনেকটাই পুরণ করতে পারবে।”
