পজিশন ধরে রাখার কৌশলে গুরুত্ব কাবরেরার
বরাবরের মতো ফিটনেসের উন্নতি এবং রক্ষণ নিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের কোচ।
প্রথম কদিনের অনুশীলনে ফিটনেস ফিরে পাওয়ার দিকে বেশি গুরুত্ব দিয়েছেন হাভিয়ের কাবরেরা। এবার পজিশন ধরে রেখে খেলার কৌশলের দিকে নজর দিয়েছেন তিনি। বল পায়ে থাকলে কী করতে হবে? পায়ে না থাকলে করণীয় কী হবে? এগুলো নিয়ে কাজ শুরু করেছেন জাতীয় ফুটবল দলের কোচ।
কম্বোডিয়া ও নেপাল ম্যাচ সামনে রেখে উত্তরার পুলিশ এফসির মাঠে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। দুটি প্রীতি ম্যাচেই সেপ্টেম্বরের শেষ দিকে প্রতিপক্ষের মাঠে খেলবে দল। ফলে প্রস্তুতির জন্য বেশ সময় পাচ্ছেন কাবরেরা।
গত জুনে চোটের কারণে মালয়েশিয়ায় এশিয়ান কাপের বাছাইয়ে খেলতে পারেননি মতিন মিয়া। জাতীয় দলের এই ফরোয়ার্ড আছেন ক্যাম্পে। শনিবারের অনুশীলনের ফাঁকে জানালেন অনুশীলনে সবার সেরাটা নিংড়ে দেওয়ার কথা।
“এর আগে চোটের কারণে কাবরেরার সঙ্গে কাজ করতে পারিনি। তবে এই কদিন তার সঙ্গে কাজ করে ভালো মনে হচ্ছে। পজিশন ধরে রেখে খেলার কৌশল নিয়ে কাজ হয়েছে। লিগের পরে ব্রেক থাকায় ফিটনেস নিয়ে, ডিফেন্স নিয়ে কাজ হয়েছে।”
“সবাই চেষ্টা করছে অনুশীলনে নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার। যেহেতু প্রস্তুতির জন্য আমরা অনেক সময় পাব, সেহেতু আমার মনে হয় দলও ভালো করবে। নেপাল ও কম্বোডিয়া ভালো দল, কিন্তু আমার মনে হচ্ছে এবার আমরা ওদের বিপক্ষে জিততে পারব।”
আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ নাঈম ও মাহফুজ হাসান প্রীতম- ক্যাম্পের দলে চার গোলকিপার রেখেছেন কাবরেরা। এদের মধ্যে জিকো ও রানা অভিজ্ঞতায় এগিয়ে। কদিন ধরে চার জনকে নিয়ে কাজ করছেন গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টচার্য।
এ কয়দিনের প্রস্তুতিতে সন্তুষ্ট বিপ্লব। সাবেক এই গোলরক্ষক আস্থা রাখছেন উত্তরসূরিদের উপর। বিপ্লবের মনে হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে আলো ছড়ানোর সামর্থ্য আছে চার জনের মধ্যেই।
“আধুনিক ফুটবলে গোলকিপিং ট্রেনিং এখন একেবারেই আলাদা। অনেক ভেরিয়েশন আছে। সেগুলো নিয়ে কাজ হচ্ছে। ফিটনেসের পাশাপাশি পজিশনাল সেন্স-এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে যারা আছে, তারা জাতীয় দলে দীর্ঘদিন খেলছে, তো আন্তর্জাতিক পর্যায়ে কী ধরণের ফুটবল খেলতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, তার সবগুলোই ওদের জানা আছে।”
“লিগের পর ২৫-৩০ দিনের একটা গ্যাপ ছিল, এ কারণে ওদের ফিটনেস নিয়ে কাজ হচ্ছে। আসলে গোলকিপিং পজিশনে যারা আছে, তারা অনেক ভালো; অন্যদের সঙ্গে তাদের তুলনা করার কিছু নেই। জিকো ও রানা দীর্ঘদিন জাতীয় দলকে সার্ভিস দিচ্ছে। নাইম ও প্রীতম আছে-আমি মনে করি ওরা সবাই ক্যাপাবল।”
২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
