গোলের ধারায় হলান্ড, তবে পারল না সিটি
প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে অ্যাস্টন ভিলা।
প্রথমার্ধে বিবর্ণ দুই দল বিরতির পর ভালোই খেলল। গোলের ধারাবাহিকতা ধরে রেখে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নিলেন আর্লিং হলান্ড। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। লিগ চ্যাম্পিয়নদের রুখে দিল অ্যাস্টন ভিলা।
ভিলা পার্কে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ভিলার বিপক্ষে লিগে টানা সাত জয়ের পর পয়েন্ট হারাল ম্যানচেস্টারের দলটি।
গত রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া পেপ গুয়ার্দিওলার দল চলতি আসরে দ্বিতীয়বার পয়েন্ট হারাল।
নিজেদের প্রথম পাঁচ ম্যাচে ১৭ গোল করা সিটি চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায়। ইলকাই গিনদোয়ানের পাস বক্সে পেয়ে দুরহ কোণ থেকে উড়িয়ে মারেন ডিফেন্ডার কাইল ওয়াকার।
অথচ ছয় গজ বক্সের সামনে ফাঁকায় ছিলেন আগের দুই ম্যাচে হ্যাটট্রিক করা হলান্ড। এই তারকার চোখে-মুখে হতাশা ফুটে ওঠে স্পষ্ট।
চতুর্দশ মিনিটে ডান দিক থেকে কেভিন ডে ব্রুইনের ক্রসে বক্সে পা ছোঁয়াতে পারেননি গিনদোয়ান। এরপর কমে আসে খেলার কথা।
প্রথমার্ধে গোলের জন্য চারটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি সিটি। এই সময়ে ভিলা শটই নিতে পারে স্রেফ একটি।
প্রথমার্ধে নিষ্প্রভ থাকা হলান্ড দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই এগিয়ে নেন দলকে। ডান দিক থেকে ডে ব্রুইনের দারুণ ক্রসে লাফিয়ে উঠে বলের নাগাল পাননি পোস্টের মাঝামাঝি থাকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। দূরের পোস্টে ভলিতে ফাঁকা জালে বল পাঠান হলান্ড।
প্রিমিয়ার লিগে এই নিয়ে ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জালের দেখা পেলেন নরওয়ের এই ফরোয়ার্ড। তার মোট গোল হলো ১০টি।
প্রতিযোগিতাটির ইতিহাসে যৌথভাবে দ্রুততম ১০ গোলের রেকর্ড এটি। ১৯৯২ সালে রেকর্ডটি গড়েছিলেন মিক কুইন। হলান্ড সেটি স্পর্শ করায় ম্যাচ চলাকালীনই টুইটারে তাকে অভিনন্দনও জানান সাবেক ইংলিশ ফরোয়ার্ড।
৫৮তম মিনিটে সমতা টানার সুবর্ণ সুযোগ হারান জ্যাকব র্যামজি। অলি ওয়াটকিন্সের থ্রু বল পেয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। সামনে একমাত্র বাধা গোলরক্ষক। কিন্তু কিছুটা ধীরগতির হয়ে পড়েন ইংলিশ মিডফিল্ডার। ছুটে এসে প্রতিহত করেন গোলরক্ষক এদেরসন।
৬৭তম মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। গত আসরে সিটির সর্বোচ্চ গোলদাতা ডে ব্রুইনের ফ্রি কিক ক্রসবারে লাগে। পরের মিনিটে বক্সের ভেতর থেকে হলান্ডের শট ঝাঁপিয়ে ঠেকান আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেস।
৭৪তম মিনিটে সমতা ফেরায় ভিলা। আলগা বল পেয়ে র্যামজি বক্সের বাঁ দিকে ঢুকে মাঝামাঝি পাস দেন। ১৪ গজ দূর থেকে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন লেওন বেইলি।
প্রিমিয়ার লিগে জ্যামাইকার এই উইঙ্গারের ১ হাজার ২১ মিনিটের গোল-খরা কাটল।
দ্বিতীয়ার্ধে বদলি নামা ফিলিপে কৌতিনিয়ো ৮০তম মিনিটে সিটির জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
যোগ করা সময়ে গোল প্রায় পেয়েই যাচ্ছিল সিটি। বক্সের ভেতর থেকে ফিল ফোডেনের শট মার্তিনেস ঝাঁপিয়ে ঠেকালে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে গত পাঁচ মৌসুমে চারবার লিগ শিরোপা জয়ী সিটি।
৬ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
দিনের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারানো চেলসি ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে।
এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করা লিভারপুল ৯ পয়েন্ট নিয়ে সাতে আছে।
৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে অ্যাস্টন ভিলা।
