২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গড়পড়তা প্রথমার্ধের পর জয় আসায় পিএসজি কোচের স্বস্তি

ক্রিস্তফ গালতিয়ে মনে করেন, ভুল শুধরে দ্বিতীয়ার্ধে ভালো পারফরম্যান্স দেখিয়েছে তার দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 05:17 PM

Updated : 15 Sep 2022, 05:17 PM

শক্তিমত্তার বিচারে দুই দলের মাঝে ব্যবধান অনেক হলেও পিএসজি-ম্যাকাবি খাইফার মাঠের লড়াইয়ে অর্ধেকটা সময় তা বোঝার উপায় ছিল না। ফরাসি দলটিকে ভালোই চাপে রেখেছিল ইসরায়েলের চ্যাম্পিয়ন খাইফা। এমন কঠিন ম্যাচ শেষ পর্যন্ত জিততে পারায় একই সঙ্গে আনন্দ ও স্বস্তি অনুভব করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে।

‘এইচ’ গ্রুপে গত বুধবারের ম্যাচে ৩-১ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজির হয়ে জালের দেখা পেয়েছেন লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপে।

নিজেদের ইতিহাসে কেবল তৃতীয়বারের মতো ইউরোপ সেরার মঞ্চে খেলা খাইফা এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই লিওনেল মেসির গোলে সমতা ফেরায় পিএসজি। 

এই গোলের মধ্য দিয়ে দুইটি কীর্তি গড়েন তিনি। সাবেক বার্সেলোনা তারকা ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গোল করলেন চ্যাম্পিয়ন্স লিগের ১৮ আসরে এবং গড়েছেন ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোলের রেকর্ড। 

এমবাপে ও নেইমার জালের দেখা পান দ্বিতীয়ার্ধে। শেষ পর্যন্ত হেরে গেলেও ম্যাচের প্রায় পুরোটা সময় ধরেই খাইফা লড়াই করে গেছে সমান তালে। বিশেষ করে প্রথমার্ধে দারুণ কিছু সুযোগ পেয়েছিল তারা। ৪৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য তারা নেয় ১৩ শট, যার পাঁচটি ছিল লক্ষ্যে। চমৎকার সব সেভে সেগুলোকে জালে যেতে দেননি পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। 

ম্যাচের পর আরএমসি স্পোর্ট ১-এর সঙ্গে আলাপচারিতায় গালতিয়ে বলেন, প্রথমার্ধে তার দল ভুল করেছে, সামর্থ্য অনুযায়ী খেলতেও পারেনি। 

“প্রথমার্ধে আমরা দুটি বা তিনটি বড় সুযোগ পেয়েছিলাম এবং তারাও কয়েকটি পেয়েছিল। তারা আমাদের চেপে রেখেছিল।”

“আমরা সুসংগঠিত ছিলাম না এবং দ্রুতই যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলাম। এই কারণে প্রথমার্ধ আমাদের জন্য খুব কঠিন ছিল। আমাদের ভুলগুলো শুধরে নিতে হয়েছিল এবং বিরতির পর আমরা অনেক বেশি আঁটসাঁট ছিলাম।”

গালতিয়ে মনে করেন, দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে তার দল।

“চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষরা সবসময়ই খুব ভালো মানের। গড়পড়তা প্রথমার্ধের পর আমাদের ঘুরে দাঁড়াতেই হতো, বিশেষ করে কৌশলগত জায়গায়।”

চলতি আসরে প্রথম দুই ম্যাচেই জয় পেল পিএসজি। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তুসকে। এর আগে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতেছিল লিগ ওয়ানের ক্লাবটি। ওই সময়ের কোচ টমাস টুখেলের হাত ধরে সেবার ফাইনালে খেলেছিল তারা।