২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির শিরোপা স্বপ্নে লিভারপুলই ‘সবচেয়ে বড় বাধা’

পয়েন্ট টেবিলে দুই দলের মাঝে ব্যবধান যদিও অনেক বড়। 

সিটির শিরোপা স্বপ্নে লিভারপুলই ‘সবচেয়ে বড় বাধা’

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 08:45 PM

Updated : 14 Oct 2022, 08:45 PM

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জয়ের মধ্য দিয়ে মৌসুম শুরু করা লিভারপুলের উচ্ছ্বাস নিভে যেতে সময় লাগেনি। একের পর এক ব্যর্থতায় প্রিমিয়ার লিগে তারা নেমে গেছে পয়েন্ট তালিকার ১০ নম্বরে। তবে পথহারা দলটির মুখোমুখি হওয়ার আগে খুব সতর্ক সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে তিনি বললেন, তাদের শিরোপা ধরে রাখার অভিযানে সবচেয়ে বড় বাধা এই লিভারপুলই।

লিগ টেবিলে এরই মধ্যে লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে গেছে সিটি। সবশেষ রাউন্ডের ফলও দল দুটির বর্তমান অবস্থান বেশ ভালোই বোঝাচ্ছে।

আসরে এখন পর্যন্ত অপরাজিত সিটি গত সপ্তাহে ঘরের মাঠে ৪-০ গোলে হারায় সাউথ্যাম্পটনকে। আর লিভারপুল সবশেষ লিগ ম্যাচে ৩-২ গোলে হেরে যায় আর্সেনালের মাঠে।

এখন পর্যন্ত আসরে আট ম্যাচ খেলে মাত্র দুটিতে জেতা লিভারপুল ১০ পয়েন্ট নিয়ে আছে ১০ নম্বরে। এক ম্যাচ বেশি খেলা সিটি ২৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। পার্থক্যটা খুব পরিষ্কার; তবে লড়াইটা যখন দুই জায়ান্টের, তখন পুরনো হিসাব-নিকাশ অনেক সময়ই তেমন অর্থবহ হয় না।

শুক্রবার সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা তেমন কথাই বললেন। তাছাড়া মৌসুমের তো কেবলই শুরু।

“তাদের দলের মান সম্পর্কে আমি জানি, তারা আমাদের দল সম্পর্কে জানে। এখন যদি আসরের তিন ম্যাচ বাকি থাকত, তাহলে আমি বলতাম তারা আমাদের ধরতে পারবে না। কিন্তু এখনও অনেক বাকি, সঙ্গে মাঝে বিশ্বকাপও আছে। তাই যেকোনো কিছু ঘটতে পারে।”

“লড়াইটা নির্ধারণ হবে মাঠে, পয়েন্ট টেবিলের হিসাবে নয়। কারণ আমরা তাদের সামনে নাকি পেছনে থাকব, সেটা ওসব কারণে হবে না…খুব কঠিন একটা ম্যাচ হবে। এর বাইরে আমি কিছু আশা করছি না।“

অ্যানফিল্ডে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। ঘরের মাঠে লিভারপুল কতটা শক্তিশালী, তাও খুব ভালো করে জানেন গুয়ার্দিওলা। তার কোচিংয়ে অ্যানফিল্ডে সবশেষ ৬ ম্যাচে সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে কেবল ৫ পয়েন্ট পেয়েছে সিটি।

চলতি মৌসুমে কেবল প্রিমিয়ার লিগে নয়, সব প্রতিযোগিতা মিলিয়েই এখনও কোনো ম্যাচ হারেনি সিটি। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে কোপেনহেগেনের সঙ্গে ড্র করলেও দুই ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্বে উঠে গেছে তারা।

এ পর্যন্ত দলের অর্জনে স্বাভাবিকভাবেই দারুণ খুশি গুয়ার্দিওলা। তবে, ফুটবলের আঙিনায় সবকিছু খুব দ্রুত পাল্টে যেতে পারে বলেই সতর্কতায় এগোতে চান তিনি।

“সবকিছু বদলে যেতে পারে। কয়েক মাস আগে (গত মৌসুমে) লিভারপুল ইংলিশ ফুটবলে মর্যাদাপূর্ণ অবস্থানে ছিল, চার শিরোপা জয়ের সম্ভাবনায় ছিল। গোলে শট, পজেশন সবকিছুতে এগিয়ে এবং সবখানে ফাইনালে ছিল তারা, কিন্তু পরে হেরে গিয়েছিল তারা।”

 “সেই একই দল তাদের, একই কোচ, তাই যেকোনো কিছু ঘটতে পারে। সব টুর্নামেন্টের এটাই ধরন। আমি (অতীতের) ভালো বা খারাপ মুহূর্ত নিয়ে ভাবি না।”