এশিয়ান গেমস আর্চারি: আগেভাগেই ঝরে পড়লেন রামকৃষ্ণ, সাইমরা
রিকার্ভ এককের কোনো বিভাগেই বাংলাদেশের কোনো আর্চার পারেনি কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত যেতে।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে হতাশার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। এবার আর্চারির রিকার্ভ এককের নারী-পুরুষ দুই বিভাগেই রামকৃষ্ণ সাহা, সাইমা সালাহ উদ্দিনরা ঝরে পড়েছেন কোয়ার্টার-ফাইনালের আগেই।
ওকাজাকি চুয়ো সোগো পার্কে মঙ্গলবার বাংলাদেশের আর্চারদের মধ্যে রামকৃষ্ণই কেবল প্রি কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত টিকে ছিলেন। যদিও এলিমিনেশন রাউন্ডে চার আর্চারের শুরুটা ছিল ভালো।
রিকার্ভ পুরুষ এককে প্রত্যাশা বেশি ছিল রামকৃষ্ণ সাহাকে নিয়ে। ‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরুর পর কাজাখস্তানের প্রতিযোগীকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে তিনি ওঠেন প্রি কোয়ার্টার-ফাইনালে। সেখানে স্বাগতিক জাপানের নাকানিশি জুনিয়ার বিপক্ষে ৭-৩ সেট পয়েন্টে হেরে যান।
এই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী আব্দুর রহমান আলিফও ভালো শুরুর পর হতাশ করেছেন। থাইল্যান্ডের তানাকর্ন থানাথিওয়াতকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেওয়ার পর শেষ বত্রিশে তিনি দক্ষিণ কোরিয়ার লি উ সিওকের বিপক্ষে হেরে যান ৬-২ ব্যবধানে।
মেয়েদের রিকার্ভ এককে এলিমিনেশন রাউন্ডের শুরুতে ফিলিস্তিনের রাশা আবুমাইঘসেকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে শেষ বত্রিশে ওঠেন সীমা আক্তার শিমু। এরপর একই ব্যবধানে তিনি হেরে যান চীনের ঝু জিঙ্গির কাছে।
বাংলাদেশের আরেক প্রতিযোগী সাইমা এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পাওয়ার পর ফিলিপিন্সের তাগলে নেইনা ডমিনিককে ৬-২ সেট পয়েন্ট হারিয়ে ওঠেন শেষ ষোলোয়। সেখানে তিনি ভারতের কুমকুম অনিলের বিপক্ষে তিনি দাঁড়াতেই পারেননি। ৬-০ সেট পয়েন্টে হেরে যান।
জাপানে চলমান এশিয়ান গেমসের একাদশ দিনে বাংলাদেশের জন্য একমাত্র প্রাপ্তির খবর এসেছে ক্রিকেট থেকে। বৃষ্টির বাগড়ায় মালয়েশিয়ার বিপক্ষের ম্যাচ পরিত্যাক্ত হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমি-ফাইনালে উঠেছে দল।
