সাবিনার ঝলকে মালদ্বীপকে উড়িয়ে শুরু বাংলাদেশের
অধিনায়কের মতোই সামনে থেকে দলকে টেনে নিয়েছেন তারকা ফরোয়ার্ড সাবিনা খাতুন।
শুরু থেকে কখনও ছোট-ছোট পাসের বুনন, কখনও লং পাসের নিশানা। সব মিলিয়ে আক্রমণের পসরা সাজাল বাংলাদেশ। বল ঘোরাঘুরি করতে থাকল শুধু মালদ্বীপের অর্ধেই। কিন্তু খেলাটা তো গোলের! সেখানেই মিলছিল না প্রত্যাশিত ঠিকানা। অবশেষে ৩২তম মিনিটে গোল মুখের আগল খুলে দিলেন সাবিনা খাতুন। পরে আরও দুবার জালের দেখা পেল দল। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের রঙে পথচলা শুরু করল বাংলাদেশ।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার মালদ্বীপকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। জোড়া গোল করেন আক্রমণভাগের সেরা তারকা সাবিনা। অন্য গোলটি মাসুরা পারভীনের।
ম্যাচের আগের দুদিনের মতো এ দিন কাঠফাটা রোদ ছিল না। আগের রাতে বৃষ্টি হওয়ায় আবহাওয়া ছিল ঠাণ্ডা। কন্ডিশন খেলার উপযোগী হওয়ায় সাবিনা-কৃষ্ণাদের শুরুটা হয় প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়েই।
কিক-অফের পর থেকেই ম্যাচের লাগাম বাংলাদেশের মুঠোয়। মালদ্বীপ তখন নিজেদের রক্ষণের চাদরে মুড়িয়ে রাখতে ব্যস্ত। কিন্তু বলের নিয়ন্ত্রণে আধিপত্য করার স্বস্তিটুকু থাকলেও গোল না পাওয়ার অতৃপ্তি তাড়া করছিল বাংলাদেশকে।
তৃতীয় মিনিটে শিউলি আজিম গোলরক্ষক বরাবর শট নেন। ৬ষ্ঠ মিনিটে শিউলির শট গোলরক্ষক ফিস্ট করার পর কয়েকজনের পা ঘুরে পেয়ে যান কৃষ্ণা রানী সরকার, তার শটও যায় পোস্টের অনেক বাইরে।
৩১তম মিনিটে ভালো সুযোগ কড়া নেড়েছিল দুয়ারে। সাবিনার পাস ধরে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন কৃষ্ণা। বিস্ময়করভাবে বাইরে মেরে বসেন তিনি।
গোলের জন্য অপেক্ষার প্রহর গোণা শেষ হয় পরের মিনিটেই। দুর্দান্ত শটে ম্যাচের ‘ডেডলক’ খোলেন আক্রমণভাগে প্রাণভ্রোমরা সাবিনা। প্রায় ৪০ গজ দূর থেকে ডান পায়ের দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি দলকে।
৩৪ মিনিটে মুগ্ধতা ছড়ানো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে মারিয়ার পাস ধরে একজনকে কাটিয়ে বল বাড়িয়ে দেন মনিকা চাকমা। কৃষ্ণা ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি, পাশে থাকা মাসুরা সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি।
ছয় মিনিট পরই গোলের আনন্দে আবারও নেচে ওঠে মেয়েরা। মারিয়ার দূরপাল্লার শট গোলরক্ষক আটকালেও গ্লাভসে জমাতে পারেনি। দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে আলগা বল জালে জড়ান সাবিনা।
এই গোল নিয়ে মালদ্বীপের বিপক্ষে তার মোট গোল হলো ৭। ‘প্রিয় প্রতিপক্ষ’ মালদ্বীপের বিপক্ষে চার ম্যাচ খেলে প্রতিটিতেই গোল পেলেন এই তারকা ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্রনাট্য এগিয়েছে একই গতিতে। আক্রমণে বাংলাদেশ, পোস্টের নিচে অখণ্ড অবসর কাটে রুপনা চাকমার। আঁখি খাতুন-শিউলি-শামসুন্নাহারদের রক্ষণ সামলানোর ব্যস্ততা নেই, বরং তারাও সাবিনা-কৃষ্ণাদের আক্রমণের সহযোগী। যথারীতি কোণঠাসা মালদ্বীপ।
৬১তম মিনিটে পোস্টের বাইরে শট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন সাবিনা। পরের সময়টুকুতে মরিয়া আক্রমণ করে ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। তাতে অবশ্য সাবিনাদের জয়ের আনন্দে ভাটা পড়েনি একটুও।
সব মিলিয়ে মালদ্বীপের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য ধরে রাখল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমস মিলিয়ে তাদের বিপক্ষে খেলা চার ম্যাচের সবগুলোতেই জয়ী ‘লাল-সুবজ’ জার্সিধারীরা। আগের তিন ম্যাচে ২০১৪ সালে ইসলামাবাদের সাফ চ্যাম্পিয়নশিপের জয়টি ছিল ৩-১ গোলের। ২০১৬ এসএ গেমসের জয় ২-০ ব্যবধানের। ২০১৭ সালের সাফে ৬-০ গোলে জিতেছিল বাংলাদেশ।
এ বছরে অজেয় যাত্রাও ধরে রাখল গোলাম রব্বানী ছোটনের দল। গত জুনে মালয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথমটি ৬-০ গোলে জয়ের পর দ্বিতীয়টি করেছিল গোলশূন্য ড্র।
আগামী শনিবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে পাওয়া জয়ে এ ম্যাচের জন্য আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে ছোটনের দল।
