২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর ঠিকানায় ফেরার ইচ্ছা দি মারিয়ার

কবে অবসর নিতে পারেন, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি আর্জেন্টাইন মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 09:19 PM

Updated : 26 Oct 2022, 09:19 PM

দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ইউরোপের শীর্ষ কয়েকটি ক্লাবে। তবে বুটজোড়া তুলে রাখার জন্য আনহেল দি মারিয়া বেছে নিতে চান তার শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালকেই।

মাত্র চার বছর বয়সে আর্জেন্টাইন ক্লাব রোসারিওতে যোগ দেওয়া দি মারিয়া সেখানেই খেলেন ১৫ বছর। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দারুণ খেলে নজরে পড়েন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। ২০০৭ সালে তাকে দলে টানে পর্তুগিজ ক্লাব বেনফিকা।

বেনফিকা থেকে ২০১০ সালে দি মারিয়াকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। সেখানে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা সহ কয়েকটি শিরোপা জিতে ২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেন আর্জেন্টিনা মিডফিল্ডার।

এরপর পিএসজি অধ্যায় শেষে এই মৌসুমে ৩৪ বছর বয়সী দি মারিয়া খেলছেন ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তসের হয়ে। সেরি আ ক্লাবটির সঙ্গে তার চুক্তি এক মৌসুমের।

ঊরুর চোটে বর্তমানে মাঠের বাইরে আছেন দি মারিয়া। তবে সমস্যা খুব গুরুতর নয় বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। তাই আসছে কাতার বিশ্বকাপে তার খেলা নিয়েও এখন তেমন সংশয় নেই।

বৈশ্বিক আসর শুরু হবে আগামী ২০ নভেম্বর।

কনমেবলের অফিসিয়াল ওয়েবসাইটকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে দি মারিয়া তুলে ধরলেন তার অবসর ভাবনা। তিনি বলেন, শেষটা করতে চান রোসারিওতেই।

“আমি রোসারিওতে ফিরে যেতে চাই। জানি এটা কঠিন হবে... কিন্তু আমি সবসময় যেমনটা বলি- আর্জেন্টিনার সবার স্বপ্ন ইউরোপে এসে খেলার, আর আমার স্বপ্ন কোনো একদিন রোসারিও সেন্ট্রালের জার্সি পরতে সেখানে ফিরে যাওয়া।”

“সত্যি তাই, সবসময় আমি এটা বলে আসছি। (রোসারিওতে ফেরার) সুযোগ পেলে আমি লুফে নেব।”

আর্জেন্টিনার শীর্ষ লিগে ২৮ দলের মধ্যে রোসারিওর অবস্থান এখন ১৯তম। খেলোয়াড়দের অনেক বেশি বেতন দেওয়ার সামর্থ্যও তাদের নেই। তাই সেখানে ফিরে যেতে হলে দি মারিয়াকে তার বর্তমান বেতন অনেকাংশেই কমাতে হতে পারে।