০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ইন্টারে আর নেই সানচেস

ইতালি ছেড়ে ফ্রান্সের ফুটবলে পাড়ি জমাচ্ছেন চিলির এই ফরোয়ার্ড।

ইন্টারে আর নেই সানচেস

এই জার্সিতে আর দেখা যাবে না আলেক্সিস সানচেসকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2022, 11:26 AM

Updated : 09 Aug 2022, 02:48 PM

ধুঁকতে ধুঁকতে চলছিল আলেক্সিস সানচেসের ইন্টার মিলান ক্যারিয়ার। এবার সেই পথচলা পুরোপুরিই থেমে গেল। পারস্পরিক সমঝোতায় চিলির এই ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইতালিয়ান ক্লাবটি।

ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর, ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্শেইতে যোগ দিচ্ছেন ৩৩ বছর বয়সী অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

২০১৯ সালে প্রথমে ধারে ও পরে পাকাপাকিভাবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টারে যোগ দেন সানচেস। তাদের হয়ে ১০৯ ম্যাচ খেলে তার গোল স্রেফ ২০টি। গত মৌসুমে শুরুর একাদশে জায়গা খুব একটা পাননি বললেই চলে।

বিদায় বেলায় বিবৃতিতে ক্লাব অবশ্য কৃতজ্ঞতাই জানিয়েছে সানচেসের প্রতি।

“গত তিন মৌসুমের জন্য আলেক্সিসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে ক্লাব, যে সময়ে দলটি জিতেছে তিনটি বড় শিরোপা। তার ভবিষ্যতের জন্যও আমরা শুভ কামনা জানাচ্ছি।”

২০২০-২১ মৌসুমে ইন্টারের সেরি আ শিরোপা জয়ের অংশ ছিলেন সানচেস, যা ছিল ১১ বছরের মধ্যে তাদের প্রথম লিগ শিরোপা। গত বছর ইন্টারের হয়ে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জেতেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের আগে সানচেস চার মৌসুমে খেলেন আর্সেনালে, তার আগে তিন মৌসুম খেলেন বার্সেলোনায়।

আন্তর্জাতিক ফুটবলের চিলির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোলের রেকর্ড সানচেসেরই। ১৭ বছর বয়সে দেশের জার্সিতে অভিষেকের পর এখনও পর্যন্ত ১৬ বছরের ক্যারিয়ারে ১৪৮ ম্যাচ খেলে করেছেন ৪৮ গোল।